২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান হিলারির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার এক অষোষিত সফরে লেবাননে গেছেন। বহিঃশক্তির প্রভাব মুক্ত থেকে অবাধ ও মুক্তভাবে জুন মাসের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেবানিজদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

বেইরুত, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার এক অষোষিত সফরে লেবাননে গেছেন। বহিঃশক্তির প্রভাব মুক্ত থেকে অবাধ ও মুক্তভাবে জুন মাসের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেবানিজদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমানের সঙ্গে বৈঠকের জন্য বৈরুতে গেলেন হিলারি। এ নির্বচানের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশটির শাসন ক্ষমতা পশ্চিমা সমর্থিত জোট সরকারের হাতে থাকবে না-কি সিরিয়া ও ইরান সমর্থিত হিজবুল্লাহ'র নেতৃত্বাধীন জোটের হাতে যাবে। এক লিখিত বিবৃতিতে হিলারি বলেন, "লেবাননের জনগণের অবশ্যই ভয়ভীতি ও সহিংসতা ছাড়া এবং বাইরের হস্তক্ষেপমুক্ত থেকে অবাধ ও মুক্ত নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব প্রতিনিধি পছন্দ করতে পারা উচিৎ।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "নির্বাচনের বাইরেও আমরা লেবাননে উদারনৈতিকতার প্রতি সমর্থন দিয়ে যাব এবং তারা যেসব দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ে তোলায় কঠোর পরিশ্রম করছে তাদের সর্মথন দিয়ে যাব।" তার লিখিত বিবৃতিতে আরও বলা হয়, "লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের অব্যাহত সমর্থন আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি।" হিলারির সঙ্গে সফররত সাংবাদিকদের বৈরুতে যাওয়ার সময় বিমানে আরোহী অবস্থায় ওই লিখিত বিবৃতিটি দেওয়া হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সিরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অবশ্যই লেবাননের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হবে না। তিনি বলেন, "সিরীয়দের সঙ্গে আমাদের আলোচনা লেবাননের স্বাধীনতার বিনিময়ে হচ্ছে না।" লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গেরিলা গ্র"প হিজবুল্লাহ'র প্রধান মদদদাতা সিরিয়া ও ইরান। লেবাননের পার্লামেন্ট ও সরকারে রয়েছে দেশটিতে রাজনৈতিকভাবে যথেষ্ঠ ক্ষমতাধর হিজবুল্লাহ। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে পুরোমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছিল দলটি। কাকতালীয় হলেও হিলারি এমন দিনে লেবানন সফরে গেলেন যেদিন দেশটি থেকে সিরীয় সেনা প্রত্যাহারের চতুর্থ বার্ষিকী পালন করছে লেবনিজরা। ২০০৫ সালে দেশটির প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে চার বছর আগের এইদিনে দেশটিতে ২৯ বছরের সেনা উপস্থিতির অবসান ঘটাতে বাধ্য হয় সিরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.