নর্থ ক্যারোলাইনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান জঙ্গি তৎপরতা ঠেকানোর ব্যবস্থা নিতে পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, তালেবানদের উত্থান ঠেকাতে ইসলামাবাদ ব্যর্থ হলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে পড়বে।
বৃহস্পতিবার মার্কিন মেরিন সেনাদের আফগানিস্তানে যাওয়ার প্রস্তুতি দেখতে এক সামরিক ঘাঁটি পরিদর্শনকালে গেটস সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের কিছু কিছু নেতা তালেবানদের হুমকিকে বাস্তব সমস্যা হিসাবে স্বীকার করেন। কিন্তু শুধু তা করলেই চলবে না। এই হুমকি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়াটাও জরুরি।"
পাকিস্তান জুড়ে ক্রমবর্ধমান সহিংসতা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানদের প্রভাব বাড়তে থাকায় দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আফগানিস্তানকে স্থিতিশীল করতে পাকিস্তানের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
গেটস বলেন, পাকিস্তানের গণতান্ত্রিক সরকারের স্থিতিশীলতা ও স্থায়িত্ব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টার মূলমন্ত্র। তাছাড়া এর ওপরই নির্ভর করছে ইসলামাবাদ সরকারের সঙ্গে আমাদের ভবিষ্যৎ সম্পর্ক।
তিনি আরও বলেন, "আমরা তাদেরকে সমর্থন দিতে চাই। যেভাবে পারি সাহায্য করতে চাই। কিন্তু তাদের জন্য দেশের বাস্তব হুমকি স্বীকার করে নেওয়াটা গুরুত্বপূর্ণ।"
বল প্রয়োগ করে জঙ্গি তৎপরতা ঠেকাতে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত সপ্তাহে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখেও সোয়াত উপত্যকা ও এর আশেপাশের এলাকায় তালেবানদের দাবি মেনে ইসলামিক শরিয়া আইন অনুমোদন করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার বলেছেন, সোয়াত চুক্তি করে সরকার তালেবানদের কাছে নতি স্বীকার করেছে। ফলে দেশটি এখন বিশ্বের জন্য 'ভয়াবহ হুমকি' হয়ে উঠেছে।
পাকিস্তান সরকার সোয়াত উপত্যকায় ইসলামিক শরিয়া আইন অনুমোদন করার কয়েক দিনের মধ্যেই জঙ্গিরা কাছাকাছি বুনার জেলায় ঢুকে পড়ে ইসলামিক শাসন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। অস্ত্রসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে তারা দেশজুড়ে ইসলামিক শরিয়া আইন চালুর লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৬ ঘ.
bdnews24