জেরুজালেম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসরায়েল আরব-পূর্ব জেরুজালেমে বুধবার বুলডোজার দিয়ে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের প্রতি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানোর একদিন পর এই ঘটনা ঘটল।
৩৫ বছর বয়সী আনমার হুদেইদৌন বলেছেন, জাবাল মুকাবার আবাসিক এলাকায় তার বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের জেরুজালেম মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ তার বাড়ি নির্মাণের অনুমতিপত্র ছিল না বলার পরই বুলডোজার নিয়ে হামলে পড়ে কর্তৃপক্ষ। ফিলিস্তিনিরা বরাবরই বলে আসছে, এ ধরনের অনুমতি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার।
এ ব্যাপারে জেরুজালেম মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতমাসে বলেছেন, পূর্ব জেরুজালেমে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ইসরায়েলি কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে ওবামা প্রশাসনের শান্তি আলোচনার উদ্যোগকে ব্যাহত করবে।
ওবামা মঙ্গলবার বলেছেন, আগামী কয়েক মাস "সব পক্ষের তরফ থেকেই তিনি সদিচ্ছার নিদর্শন দেখার প্রত্যাশা করছেন"।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নেওয়া পূর্ব জেরুজালেমে ইহুদি পরিবারদের জায়গা দেওয়ার জন্য তাদের সেখান থেকে উৎখাত করা হচ্ছে।
ইসরায়েল পুরো জেরুজালেমকে এর 'অবিচ্ছেদ্য ও চিরন্তন' রাজধানী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলে আসছে জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৫ ঘ.
bdnews24