কলোম্বো, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকা সোমবার তামিল টাইগারদেরকে আত্মসমর্পণের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সেনারা টাইগারদের বেষ্টনী ভেঙে যুদ্ধাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের পালানোর সুযোগ করে দেওয়ার পর এই আলটিমেটাম দিল। সেনাবাহিনী একথা জানিয়েছে।
তামিল গেরিলা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের নাম উল্লেখ করে শ্রীলংকার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, "যুদ্ধাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাওয়ায় আমরা প্রভাকরণ ও তার সন্ত্রাসী দলকে ২৪ ঘন্টার মধ্যে সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণের শেষ হুঁশিয়ারি দিচ্ছি। এই সময় শুরু হচ্ছে দুপুর ১২ টা থেকে।"
কলোম্বোর এয়ার ফোর্স ব্যাটেল ম্যানেজমেন্ট সেন্টার থেকে রামবুকওয়েলা সাংবাদিকদের বলেন, "এরপর সামরিক অভিযান চালানো হবে। সেটিই সবচে ভাল বিকল্প।"
শ্রীলংকার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রায় ৫,০০০ বেসামরিক তামিল যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে যেতে পেরেছে। তবে পালাতে থাকা মানুষের ভীড়ে চালানো আত্মঘাতী বোমা হামলায় এদিন নারী ও শিশু মিলিয়ে কমপক্ষে ১৭জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততপক্ষে ২০০ জন। সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা একথা জানান।
সেনাবাহিনী জানিয়েছে, তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী হাজার হাজার তামিল বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায়।
টাইগারদের তৈরি একটি বেষ্টনী ভাঙার পর এ পর্যন্ত প্রায় ৫ হাজার বেসামরিক লোককে সেনারা উদ্ধার করেছে এবং উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন নানায়াক্কারা। সেনাবাহিনী জানিয়েছে, সোমবারেই সবচেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিক যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসতে পেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৮ ঘ.
bdnews24