জেরুজালেম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় দেখতে চায়-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিদোর লিবারম্যানকে একথা বলেছেন।
লিবারম্যানের পাশে বসে জর্জ মিচেল সাংবাদিকদের বলেন, "ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সম্মানজনক দ্বি-রাষ্ট্রিক সমাধানই যে মার্কিন নীতিতে কাম্য তা আমি আবারও পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি।"
মিচেল বলেন, "আমরা গোটা অঞ্চলে পরিপূর্ণ শান্তি অর্জনের চেষ্টা করে যাওয়ার জন্যও অপেক্ষায় আছি।"
ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনা ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। যে আলোচনা ২০০৭ সালে মেরিল্যান্ডের অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে শুরু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। লিবারম্যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই অ্যানাপোলিস সম্মেলনের 'বৈধতা' নেই বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে লিবারম্যান কোনও মন্তব্য করেননি। মিচেলের সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি কেবল বলেন, "চিন্তা-ভাবনা ও মতবিনিময়ের এ ছিল এক বিরাট সুযোগ। আর আমরা সত্যিকার অর্থেই নিবিড় সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।"
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি সরকারের সঙ্গে ওবামা প্রশাসনের বিরোধ বাধতে পারে বলে সংশয় রয়েছে।
নেতানিয়াহু এ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিতে কোনওরকম প্রতিশ্র"তি দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবর্তে বরং ফিলিস্তিনের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিতে জোর দিয়ে শান্তি আলোচনায় আগ্রহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24