ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক চর্চার দেশ ভারতে 'লোকসভা'র নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে কয়েক সপ্তাহ। ১৬ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত। বিবিসি অবলম্বনে এই নির্বাচনের নানা দিক তুলে ধরছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আহমেদ মুনীরুদ্দিন।
লোকসভা
ভারতের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। লোকসভা সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। উচ্চকক্ষ 'রাজ্যসভা'র চেয়ে বেশি ক্ষমতাধর লোকসভা। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যসভার সিদ্ধান্ত বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে তারা। লোকসভায় ৫৪৩টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে একজন করে সদস্য নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি দুইজন অ্যাংলো-ইন্ডিয়ানকে অতিরিক্ত সদস্য হিসেবে নিয়োগ দিতে পারেন। লোকসভার ১৩১টি আসন নিম্নবর্ণের দরিদ্র জনগোষ্ঠী এবং আদিবাসীদের জন্য সংরক্ষিত।
ভোটার
বিশ্বে সবচেয়ে বেশি ভোটার অংশ নিয়ে থাকেন ভারতের লোকসভা নির্বাচনে। এবার মোট ভোটারের সংখ্যা ৭১ কোটি ৪০ লক্ষ। এদের মধ্যে ২৪ ভাগই ৩৫ বছরের কমবয়সী। মোট ভোটারের ৪৮ ভাগ নারী। ২০০৪ সালের চেয়ে এ নির্বাচনে ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৪ কোটি ১০ লক্ষ।
কবে কবে ভোটগ্রহণ হবে
বিশাল এ ভোটযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার ১৬ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১৩ মে - এই পাঁচটি তারিখে ভোটগ্রহণ করা হবে। কিছু কিছু রাজ্যে ভোটগ্রহণ হবে কয়েক ধাপে।
স্কুলের ছুটি, জাতীয় ছুটি, ধর্মীয় ও সামজিক উৎসব, ফসলের মৌসুম এমনকি বর্ষাকালকেও বিবেচনায় রেখে বিভিন্ন রাজ্য ও অঞ্চলে এ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্র
২৮টি রাজ্য এবং ৭টি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত ভারতে মোট ৮ লাখ ২৮ হাজার ৮০৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে গুজরাটের 'গির সিংহ অভয়ারাণ্যে' একজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রয়েছে। অনেক দুর্গম স্থানে নতুন নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে যাতে ভোটারদের পাহাড়-নদী পেরিয়ে অনেকটা পথ হেঁটে ভোটকেন্দ্রে যেতে না হয়।
ভোট-মেশিন
ভোটকেন্দ্রগুলিতে মোট ১ কোটি ৩৬ লক্ষ ৮ হাজার ৪৩০টি ইলেক্ট্রনিক ভোট-মেশিনের সাহায্যে ভোটগ্রহণ করা হবে। ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মতো এ ইলেক্ট্রনিক ভোট-মেশিনের সাহায্যে ভোটগ্রহণ করা হয়।
ছবিযুক্ত পরিচয়পত্র
ভোটারদের ৮২ ভাগ ছবিযুক্ত পরিচয়পত্র পেয়েছেন এবং তা দেখিয়েই তাদের ভোট দিতে হবে। এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের নির্বাচনে ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র ব্যবহার করছে ভারত।
নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা
বেসামরিক প্রশাসন ও পুলিশ মিলিয়ে প্রায় ৬১ লাখ কর্মকর্তা-কর্মচারী লোকসভা নির্বাচনে দায়িত্বপালন করবেন। জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিচ্ছিন্নতাবাদী ও অন্যান্য সশস্ত্র রাজনৈতিক গ্র"পের নির্বাচন বয়কটের হুমকির পরিপ্রেক্ষিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে সরকারকে।
ভোট গণনা
নির্বাচনের ভোটগণনা শুরু হবে ১৬ মে।
রাজনৈতিক দল
মোট ১ হাজার ৫৫টি রাজনৈতিক দলের প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রধান রাজনৈতিক জোট
জাতীয় পর্যায়ের তিনটি রাজনৈতিক জোট এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তিন জোটের প্রধান তিন নেতা - মনমোহন, আদভানি ও মায়াবতী।
ক্ষমতাসীন কংগ্রেস দলের নেতৃত্বাধীন 'ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স' (ইউপিএ) এবং বিরোধী ভারতীয় জনতা দল-বিজেপি নেতৃত্বাধীন 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' (এনডিএ) জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের 'ইউপিএ' জোট জয়ী হলে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং-কেই।
অন্যদিকে, বিজেপি'র 'এনডিএ' জোট জয়ী হলে প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারেন বিজেপি প্রধান লাল কৃষ্ণ আদভানি।
তবে, কয়েকটি ছোট ছোট আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' এবারের লোকসভা নির্বাচনে প্রধান দুই জাতীয় জোটকে বেকায়দায় ফেলে দিতে পারে, এমনকি ক্ষমতায় যাওয়ার দাবিদার হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
'তৃতীয় মোর্চা' জয়ী হয়ে সরকার গঠনের অবস্থায় গেলে সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বহুজন সমাজ পার্টির প্রধান 'দলিত নেত্রী' মায়াবতীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৯১২ ঘ.
bdnews24