২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা বয়কটের ঘোষণা উত্তর কোরিয়ার

পরমাণু কর্মসূচি নিয়ে ছয়-জাতি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি আর মেনে চলতে বাধ্য নয় জানিয়ে উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, তারা ইয়ংবিয়ন পরমাণু অস্ত্র স্থাপনা আবারও চালু করবে। এই স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরি উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সউল, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে ছয়-জাতি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি আর মেনে চলতে বাধ্য নয় জানিয়ে উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, তারা ইয়ংবিয়ন পরমাণু অস্ত্র স্থাপনা আবারও চালু করবে। এই স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরি উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হয়। ২০০৮ সালে আন্তর্জাতিক একটি চুক্তির আওতায় উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা ধ্বংস করতে শুরু করেছিল। চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উপনীত ওই চুক্তি অনুযায়ী, সাহায্য ও কূটনৈতিক ছাড়ের বিনিময়ে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি নির্মূল করতে রাজি হয়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার উত্তর কোরিয়ার রকেট হামলার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানানোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেশটি ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করে পরমাণু স্থাপনা আবারও চালুর ওই ঘোষণা দিল। উত্তর কোরিয়ার দাবি, তারা কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছে। কিন্তু পশ্চিমাদের ধারণা, উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, "ছয়-জাতি আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। উত্তর কোরিয়া আর ছয়-জাতি আলোচনায় হওয়া চুক্তি মেনে চলতে বাধ্য নয়।" উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "আমরা সক্রিয়ভাবে হালকা-পানির পরমাণু চুল্লি গড়ার বিষয়টি বিবেচনা করছি। আমরা আবার পরমাণু স্থাপনা চালু করব এবং ব্যবহৃত পরমাণু জ্বালানি উপকরণ নতুন করে প্রক্রিয়াজাত করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৬ ঘ.