শ্রীনগর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশক ধরে ভারতীয় শাসনের বিরোধিতা করার পর এখন নির্বাচন করার ঘোষণ দিয়েছেন ভারতীয় কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাজ্জাদ গনি লোন। আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার তিনি জানিয়েছেন।
১৯৮৯ সালের অভ্যুত্থানের পর এই প্রথম শীর্ষ কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জম্মু অ্যান্ড কাশ্মির পিপলস কনফারেন্সের চেয়ারম্যান লোন জানিয়েছেন, তিনি তার লড়াইকে নয়াদিল্লিতে পার্লামেন্টে নিয়ে যেতে চান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মানে কৌশল পরিবর্তন, আদর্শ নয়।"
লোন বলেন, "কাশ্মিরি জনগণের বক্তব্য এবং তাদের আকাঙ্খাকে ভারতের কেন্দ্রীয় পর্যায়ে উপস্থাপন করার একটি পদ্ধতি হিসেবে নির্বাচনকে ব্যবহার করার জন্যই আমি নির্বাচন করব।"
কাশ্মিরে গত বছর ভারতবিরোধী বেশ কয়েকটি বড় বড় বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন লোন। উত্তর কাশ্মিরের ছয়টি সংসদীয় আসনের একটি বারামুল্লা থেকে তিনি নির্বাচন করবেন।
সাজ্জাদ লোনের বোন নামকরা আইনজীবী শবনাম লোন গত একই এলাকা থেকে নির্বাচন করে পরাজিত হন।
এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচন বয়কট করছেন কট্টরপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি।
নির্বাচনের বিপক্ষে এক সমাবেশে গত শুক্রবার গিলানি বলেন, "গত বছরের নির্বাচনে যারা ভোট দিয়েছে, তারা শহীদদের রক্তের সঙ্গে আপোস করেছে। এবারের নির্বাচন পূর্ণাঙ্গ বয়কটের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"
তবে লোন জানিয়েছেন, গত বছরের নির্বাচনের পর কৌশল পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। বয়কটের পরও ওই নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২৩ ঘ.
bdnews24