২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক আফগান হত্যার কথা স্বীকার করল মার্কিন বাহিনী

আফগানিস্তানে এ সপ্তাহে এক অভিযানে জঙ্গিদের পরিবর্তে বেসামরিক নাগরিকদের হত্যার কথা স্বীকার করেছে মার্কিন বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

কাবুল, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে এ সপ্তাহে এক অভিযানে জঙ্গিদের পরিবর্তে বেসামরিক নাগরিকদের হত্যার কথা স্বীকার করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, "তদন্তে দেখা গেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত এলাকায় গত বুধবার রাতে এক অভিযানে দুজন পুরুষ, দুজন নারী নিহত এবং আরো দুই নারী আহত হয়েছে। এছাড়া একটি শিশুও নিহত হয় বলে খবর পাওয়া গেছে।" বিবৃতিতে মার্কিন বাহিনীর ব্রিগেডিয়ার জেনারের মাইকেল রায়ান বলেন, "মর্মান্তিক ওই হতাহতের জন্য আমরা গভীর দুঃখিত।" "শুধু শব্দের মাধ্যমে আমাদের এই অনুশোচনা ও সহানুভূতি প্রকাশ সম্ভব নয়। পরিবারের বেঁচে থাকা সদস্যদের যথাযথ দেখভালের বিষয়টি আমরা নিশ্চিত করব।" আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তালেবান সরকারের পতনের পর গত সাত বছরে বিদেশি সেনাদের হাতে বেসামরিক হতাহতের ঘটনায় সেখানে তাদের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আফগান সরকার এবং পশ্চিমাদের মধ্যে বিরোধের অন্যতম কারণ বেসামরিক হতাহতের ঘটনা। বুধবারের অভিযানে নিহত শিশুটির বাবা বৃহস্পতিবার জানিয়েছেন, মার্কিন বাহিনীর হাতে তার সাত বছরের ছেলে নিহত এবং তার মা আহত হয়েছে। এছাড়া এক নারী স্কুল শিক্ষক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১২ ঘ.