কলম্বো, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে তামিল টাইগার এবং নিরাপদ এলাকায় (নো ফায়ার জোন) গোলাবর্ষণ না করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত দেশগুলো।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও নরওয়ে শুক্রবার জানিয়েছে, আর কোনো রক্তপাত না ঘটিয়ে এই বৃথা যুদ্ধ বন্ধের সর্বোত্তম উপায় কী হতে পারে তা নিয়ে তারা আলোচনা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, "বেসামরিক নাগরিকদের চলাচলের স্বাধীনতা দেওয়ার জন্য তামিলদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে নো ফায়ার জোনে গোলাবর্ষণ না করার।"
বেসামরিক নাগরিকদের মুক্ত করতে বিশ্বের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে সেনাবাহিনী জানানোর পরপরই দেশগুলো এই আহ্বান জানাল।
সেনাবাহিনী দাবি করেছে, দেশের উত্তর-পূর্ব উপকূলে সরকার ঘোষিত নো ফায়ার জোনের ১৭ বর্গকিলোমিটারের একটি সংকীর্ণ এলাকার মধ্যে তারা লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই বিদ্রোহীদের অবরুদ্ধ করে ফেলেছে। বিদ্রোহীরা এখন বেসামরিক লোকদের সঙ্গে মিশে আছে।
গত বুধবার সেনাবাহিনী জানায়, আত্মসমর্পণ করার জন্য টাইগারদের প্রতি শেষবারের মতো আহবান জানানো হয়েছে।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়কারা বলেন, "তাদের আমরা বাস্তব অবস্থা জানিয়েছি। আমরা বলেছি, এলটিটিইকে অবশ্যই সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণের জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি। এটাই তাদের শেষ সুযোগ।"
তবে আত্মসমর্পণের সময়সীমা কখন শেষ হয়ে যাবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
জাতিসংঘ জানিয়েছে, এলটিটিই মানব ঢাল হিসেবে ব্যবহারের জন্য নো ফায়ার জোনে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিককে আটকে রেখেছে। বিদ্রোহিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের আগে এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24