মুম্বাই, এপ্রিল, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে টাটা মোটরস এর তৈরি ন্যানো গাড়ির বুকিং শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বিশ্বের সবচেয়ে সস্তা এই গাড়ি সবার আগে পাওয়ার জন্য লাইন দিয়ে আছেন ক্রেতারা। গাড়ি বিলি করা শুরু হবে জুলাইয়ে।
প্রথম গাড়ি কিনছেন এমন ক্রেতা থেকে শুরু করে যাদের ইতোমধ্যেই দু'তিনটের বেশি গাড়ি আছে তারাও ন্যানোর জন্য বুকিং দিচ্ছেন। অনেকে উৎসাহের বশে, গাড়িপ্রীতির কারণে, সামর্থ্যের কারণে কিংবা ভারতের জনাকীর্ণ রাস্তায় সহজে গাড়ি চালানোর কথা ভেবে ন্যানোর প্রতি ঝুঁকছেন। অনেকেই আবার তাদের বৃদ্ধ বাবা-মায়ের কথা চিন্তা করে ন্যানো কিনতে আগ্রহী হচ্ছেন।
টাটা মটরস প্রথম ধাপে তৈরি করা ১ লাখ ন্যানো একলাখ ক্রেতাকে দেবে। আগ্রহী ক্রেতারা এই প্রথম একলাখ ক্রেতার তালিকায় স্থান করে নেওয়ার জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। যে সমস্ত ক্রেতা আগামী তিন সপ্তাহের মধ্যে ফিসহ আবেদনপত্র জমা দেবেন তাদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে গাড়ির ক্রেতা বাছাই করা হবে। বিবিসি একথা জানিয়েছে।
ন্যানো গাড়ি সস্তা এবং ছোট হওয়ায় অনেকেই এটি কিনতে আগ্রহী হচ্ছেন। এই গাড়ি লম্বায় ৩ দশমিক ০৯ মিটার। এটি মারুতি ৮০০ এর চেয়ে ছোট। কিন্তু এর চেয়ে ২১ শতাংশ বেশি চওড়া। ১ লিটার তেলে চলবে ২৩ দশমিক ৬ কিলোমিটার। গাড়িটি ৪ মিটার ব্যাসার্ধের মধ্যে নড়াচড়ার উপযোগী হওয়ায় এটি বিশেষ করে ছোট পার্কিং এলাকায় রাখা কিংবা সংকীর্ণ রাস্তায় চালানো সহজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৯ ঘ.
bdnews24