২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের ১৫৪ বিলিয়ন ডলারের উদ্ধার প্যাকেজ

অর্থনৈতিক মন্দা মোকাবেলায় জাপান বৃহস্পতিবার ১৫৪ বিলিয়ন মার্কিন ডলারের উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছে। বিপুল পরিমাণের এই অর্থ সংকুলানের জন্য সরকারকে ব্যাপকহারে বাজারে বন্ড ছাড়তে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

টোকিও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক মন্দা মোকাবেলায় জাপান বৃহস্পতিবার ১৫৪ বিলিয়ন মার্কিন ডলারের উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছে। বিপুল পরিমাণের এই অর্থ সংকুলানের জন্য সরকারকে ব্যাপকহারে বাজারে বন্ড ছাড়তে হবে। ক্ষমতাসীন দলের সম্মতি পাওয়ার পর প্রধানমন্ত্রী তারো আসো টোকিওতে এই প্যাকেজ ঘোষণা করেন। মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রায় তিন শতাংশ সমপরিমাণের এই প্যাকেজের বিস্তারিত শুক্রবার জানানো হবে। জাপানের ইতিহাসে সবচেয়ে বড় অংকের এই উদ্ধার প্যাকেজের অর্থের প্রায় দুই-তৃতীয়াংশ সংগ্রহ করা হবে বন্ডের মাধ্যমে। সরকারের শীর্ষ মুখপাত্র জানিয়েছেন, অর্থ সংগ্রহের জন্য প্রায় ১০০ থেকে ১১০ বিলিয়ন ডলারের বন্ড বাজারে ছাড়তে হবে। সরকারের এই পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণার পরপরই বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের দরে উঠতি প্রবণতা লক্ষ করা গেছে। নাইকির শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। গত তিন মাসের মধ্যে এটাই তাদের সর্বোচ্চ দরবৃদ্ধি। উদ্ধার প্যাকেজে বিদ্যুতের চাপ কমাতে সোলার প্যানেল বিক্রি এবং পরিবেশবান্ধব গাড়ি তৈরির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অনেকে সতর্ক করে দিয়েছে, এতে করে সরকার সরকারের ওপর ঋণের ভার আরও বাড়বে। জেপিমর্গানের শীর্ষ অর্থনীতিবীদ মাসামিছি আদাছি বলেন, "দেখে মনে হচ্ছে এই মুহূর্তের প্রয়োজন মেটানোর দিকেই এই প্যাকেজের জোরটা বেশি। উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি।" তিনি বলেন, "এতে এক বছরের জন্য হয়তো জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু দীর্ঘ মেয়াদে এর প্রভাব হবে নেতিবাচক। সরকারের ঋণের বোঝা বাড়বে। এখন আরও বেশি বন্ড বাজারে ছাড়তে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১৮ ঘ.