নয়াদিল্লি, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারামকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জুতা ছুড়ে মেরেছেন এক শিখ সাংবাদিক। ১৯৮৪ সালের দাঙ্গায় শত শত শিখ নিহত হওয়ার ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক চিদাম্বারামকে জুতা ছুড়ে মারেন।
তবে মাথা নীচু করে জুতার আঘাত এড়াতে সক্ষম হন চিদাম্বারাম। এরপর মৃদু হেসে তিনি নিরাপত্তারক্ষীদেরকে সম্মেলন কক্ষ থেকে ওই সাংবাদিককে নিয়ে যেতে বলেন।
জুতা ছুড়ার ঘটনায় সম্মেলন কক্ষে হৈচৈ পড়ে গেলে চিদাম্বারাম সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। এটি কোনও ব্যাপার নয় উল্লেখ করে তিনি বলেন, "উনাকে ধীরে ধীরে নিয়ে যান।"
সাধারণ পোশাক পরা পুলিশদেরকে ওই সাংবাদিককে নিয়ে যেতে দেখা গেছে। তাকে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হয়। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এটিই সর্বশেষ জুতা ছুড়ে মারার ঘটনা।
১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত কংগ্রেস পার্টির দুই নেতার বিরুদ্ধে ফেডারেল তদন্ত নিয়ে চিদাম্বারাম এক প্রশ্নের জবাব দেওয়ার সময় ওই শিখ সাংবাদিক তার দিকে জুতা ছুড়ে মারেন।
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে ওই রক্তক্ষয়ী দাঙ্গা হয়। এতে নিহতদের অধিকাংশই ছিল শিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫২ ঘ.
bdnews24