২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্যাকেজ যুক্তরাষ্ট্রে দুর্নীতি আরো বাড়িয়ে দিতে পারে

গত ফেব্রুয়ারিতে কংগ্রেসে পাশ হওয়া ৮ হাজার কোটি ডলারের নজিরবিহীন আর্থিক সহায়তা 'প্যাকেজ' যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের আশা আবার জাগিয়ে তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 06:54 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

আরশাদ মাহমুদ ওয়াশিংটন, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ফেব্রুয়ারিতে কংগ্রেসে পাশ হওয়া ৮ হাজার কোটি ডলারের নজিরবিহীন আর্থিক সহায়তা 'প্যাকেজ' যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের আশা আবার জাগিয়ে তুলেছে। কিন্তু একই সঙ্গে যেসব সরকারি কর্মকর্তার মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে তাদের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির প্রবণতাও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন আরশাদ মাহমুদ। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার উদঘাটিত কিছু দুর্নীতির ঘটনায় এই আশঙ্কার ব্যাপারটি সামনে চলে এসেছে। টেনেসি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি বা আরকানস পর্যন্ত বিভিন্ন জায়গায় তদন্তকারীরা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ পেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে এইসব কুকর্ম ধরা পড়েছে পর্যবেক্ষণ ক্যামেরায় গোপনে তোলা ছবি থেকে। টেনেসিতে এই ধরনের একটি অপরাধ করার সময় ক্যামেরায় ধরা পড়েন সাবেক শেরিফ উইলিয়াম হোরেস লং। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এক সূত্রের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তিনি ধরা পড়েন ক্যামেরায়। ঘুষ নিয়ে ওই ব্যক্তিকে কালো টাকা সাদা করার কাজে সহায়তা করেন লং। ভিডিও টেপে এ নিয়ে রসিকতা করতেও দেখা যায় তাদের। লং একাই নয়, দুর্নীতি ছড়িয়ে পড়েছে পুরো দেশের চারিদিকে। আর অর্থনীতি খারাপের দিকে যাওয়ার সঙ্গে এর পরিমাণ ক্রমেই বেড়ে চলেছে। পুলিশ, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা- এমনকি বিচারকরা পর্যন্ত টাকা নিয়ে বিভিন্ন অবৈধ কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এফবিআই এর অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক কেনেথ কাইজার গত সপ্তাহে এবিসি নিউজকে বলেন, "আমার মনে হয় আমরা এই সমস্যার পেছনে যতোই টাকা ঢালছি, ততই দুর্নীতির খবর পাচ্ছি।" সাম্প্রতিক বছরগুলোতে এফবিআই এর তদন্ত করা সরকারি খাতে দুর্নীতির ঘটনার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। এ মুহূর্তে ২ হাজার ৪৩০টি দুর্নীতির ঘটনার তদন্ত চলছে। মাত্র ২০০৩ সালেই এর সংখ্যা ছিল ১ হাজার ৩০০ যা বর্তমান সংখ্যার প্রায় অর্ধেক। ইতোমধ্যেই বন্ধকী ব্যবসা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতারণার ঘটনার তদন্তকারী এফবিআই মনে করছে, উদ্দীপনামূলক তহবিলের টাকা ওয়াশিংটন থেকে বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে পৌঁছানোর পরে দুর্নীতির পরিমাণ আরো বাড়তে পারে। এফবিআই পরিচালক রবার্ট মুলার গত সপ্তাহে সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্যদের জানান, "এফবিআই এর বন্ধকী জালিয়াতির ঘটনা তদন্তের পাশাপাশি অর্থনৈতিক অপরাধের সংখ্যাও বেড়ে চলবে বলে আমাদের ধারণা।" তিনি বলেন, "অর্থনীতির নিম্নগামিতা ঠেকাতে ফেডারেল সরকারের নজিরবিহীন মাত্রার আর্থিক সহযোগিতা অবশ্যম্ভাবীভাবেই অর্থনৈতিক অপরাধ ও সরকারের দুর্নীতির পরিমাণ বাড়িয়ে দেবে।" মাত্র দুই বছরের মধ্যেই মার্কিন আদালত ১ হাজার ৮০০ জনেরও বেশি কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছে। এর মধ্যে ছিলেন ১৭০ জন কেন্দ্রীয়, ১৫৮ জন অঙ্গরাজ্য পর্যায়, ৩৬০ জন স্থানীয় সরকার পর্যায় এবং ৩৬৫ জনের বেশি পুলিশ কর্মকর্তা। নিজের অফিসে ঘুস গ্রহণের সময় ক্যামেরায় ধরা পড়েন লুইজিয়ানার বিচারক অ্যালান গ্রিন। এই সময় ঘুষদাতা 'যেমন কথা দিয়েছিলাম' বলে তাকে টাকা দেওয়ার সময় ওই টাকাগুলো 'সরিয়ে রাখা'র পরামর্শও দেন। এই সময় গ্রিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘুষ নেওয়ার জন্য সরকারি কৌসুলিরা গ্রিনের কঠিন শাস্তির সুপারিশ করেন। তারা বলেন, ঘুস নিয়ে গ্রিন "ভয়ঙ্কর অপরাধীদের মুক্তি দিয়ে নিরপরাধ লোকদের ক্ষতি করেছেন।" বিচারক অ্যালান গ্রিনের চার বছর তিন মাসের কারাদণ্ড হয়। এমন আরেকটি ভিডিওতে মেরিল্যান্ডের সরকারি স্কুল সুপারিনটেনডেন্ট আন্ড্রে হর্নসবিকে এক হোটেল কক্ষে শ্যাম্পেনের বোতল হাতে আয়েশী ভঙ্গিতে টাকা নিতে দেখা যায়। এক মহিলা তার হাতে এক লাখ ডলারের প্রথম কিস্তি হিসেবে হাজার ডলারেরও বেশি টাকা দিলে হর্নসবি তা পকেটে পুরে বলেন, "এটা কেবল ক্রিসমাসের জন্য।" হর্নসবিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এফবিআই কর্মকর্তা কাইজার বলেন, "লোভ, সুযোগ-সুবিধার অধিকার, ক্ষমতার গন্ধ, আত্মশ্লাঘা এসবই সরকারি দুর্নীতির কারণ।" তিনি বলেন, "আমি সবসময়ই এটা দেখে আশ্চর্য হই যে, মানুষ কতোটা উদ্ধত হতে পারে; কতোটা সুবিধাপ্রাপ্ত ভাবতে পারে নিজেকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/কিউএইচ/এসকে/১২৩৩ঘ.