লা'ইকুইলা, ইতালি, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতালিতে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০৭ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পরাঘাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধার অভিযান চালিয়ে এ পর্যন্ত অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ২০৭ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে ১৫০০'রও বেশি মানুষ আহত হয়েছে। এদের মধ্যে ১০০ জনের অবস্থা গুরুতর।
রাজধানী রোমের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত ১৩ শতকের প্রাচীন শহর লা'ইকুইলার প্রায় ১৭,০০০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে এ ভয়াবহ দুর্যোগে। শহরটির কয়েক হাজার ঐতিহ্যবাহী বাড়িঘর, গির্জা ও অন্যান্য দালানকোঠা ভেঙে পড়েছে।
উদ্ধারকারীরা জানায় ভূমিকম্পের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সকালে একটি বিধ্বস্ত ভবনের
নীচ থেকে দুই ছাত্রকে জীবিত উদ্ধার করেছে তারা।
কিন্তু বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কমপক্ষে ৩৪ জনের মতো নিখোঁজ রয়েছে। এর আগে শহরটিতে গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের সংখ্যা প্রায় ৫০,০০০ জানালেও মঙ্গলবার সকালে এ সংখ্যা ১৭,০০০ এর মতো বলে জনিয়েছে কর্তৃপক্ষ।
আহত কয়েক'শ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে জরুরি চিকিৎসা সহায়তা দিচ্ছে চিকিৎসাকর্মীরা।
ওদিকে, উদ্ধারকাজের পাশাপাশি গৃহহীন লোকজনের জন্য শহর এবং আশপাশের বিভিন্ন পার্ক ও ফুটবল মাঠে কয়েক হাজার অস্থায়ী তাঁবু খাটানো হয়েছে এবং উপকূলীয় অঞ্চলটির বহু হোটেল-মোটেলও সাময়িকভাবে ব্যবহারের ব্যবস্থা করেছে সরকার। ভূমিকম্পের পর ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী পরাঘাতে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রশাসন সবাইকে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু লুটপাটের আশঙ্কায় অনেকেই ঘরবাড়ির কাছ থেকে সরে সেখানে যেতে চাইছেন না। পুলিশ জানিয়েছে ইতোমধ্যেই লুটের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা।
রাজধানী রোমের ৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩০ মিনিটের সামান্য পরে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৩ এর মধ্যে এবং এর কেন্দ্র ছিল পার্বত্য আবরুজ্জো অঞ্চলে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এর পর আশপাশের অঞ্চলে ভূমিকম্পের কয়েকটি পরাঘাত টের পাওয়া গেছে।
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকুনি বলেছেন, "এটা একটা ভয়াবহ দুর্যোগ। এখন আমাদের পুনর্গঠনের কাজ করতে হবে এবং সেজন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন।"
এর আগে ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে পূর্বর্নিধারিত মস্কো সফর বাতিল করেন বার্লুসকুনি। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ তহবিল থেকে কয়েক'শ মিলিয়ন ইউরোর বিশেষ সহায়তা চাওয়ার অঙ্গীকার করেন ইতালীয় প্রধানমন্ত্রী।
বাড়িঘর ধসে প্রাচীন শহরটির বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে রাস্তায় থাকা অনেক যানবাহনও। এছাড়া মূল শহরকে ঘিরে গড়ে ওঠা আশপাশের বেশকিছু আধুনিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বিধ্বস্ত শহরটি ইতালির একটি সমৃদ্ধ পুরাকীর্তি অঞ্চল। এ শহরে রোমানেস্ক এবং রেঁনেসা যুগের বহু গীর্জা ও অন্যান্য স্থাপত্য রয়েছে। লা'একুইলার নগরকেন্দ্রের একটি বিখ্যাত গীর্জার ঘণ্টাসহ টাওয়ারটি ধসে পড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24