গুয়াহাটি, ভারত, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের আসাম রাজ্যে সোমবার দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং আসামে যাওয়ার একদিন আগে এ ঘটনা ঘটল। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ এ হামলায় আসামের প্রধান বিচ্ছিন্নতাবাদী দল 'দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম' (উলফা) এর জড়িত থাকার সন্দেহ করছে।
প্রথম বোমা বিস্ফোরণটি ঘটেছে আসামের প্রধান নগরী গুয়াহাটির একটি রেস্তোরাঁর সামনের গাড়ি পার্কিং এলাকায়। উলফার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ হামলা হল বলে জানিয়েছে পুলিশ।
২য় বিস্ফোরণটি ঘটে এর দুঘন্টা পর ঢেকিয়াজুলি শহরের একটি হাসপাতালের অপরপাশে। একটি বাইসাইকেলে বোমা পাতা ছিল বলে জানিয়েছে পুলিশ। এতে ৬ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
গুয়াহাটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পি সি সালই ফোনে রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।"
বিস্ফোরণে কয়েকটি গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যথেস্ট নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য পুলিশকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা গুয়াহাটির রাস্তা অবরোধ করে রেখেছে। তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৬ ঘ.
bdnews24