তাইপে, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভূমিকম্প সৃষ্টি হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে টের পাওয়ার একটি যন্ত্র তৈরি করেছেন তাইওয়ানের একদল গবেষক। স্বল্পবাজেটের এই যন্ত্রটির ফলে সতর্ক সংকেত দেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে বলে জানিয়েছেন তাইওয়ানের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের নেতা।
ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির ভূবিজ্ঞান বিভাগের গবেষক উ ই মিন বলেছেন, ডেক ক্যাসেট প্লেয়ার আকৃতির ধাতব যন্ত্রটি কম্পনের গতি ও সময়ের সঙ্গে সৃষ্ট ত্বরণ সনাক্তের মাধ্যমে ভূমিকম্পটির তীব্রতার হিসাব নির্ণয় করে চলন্ত ট্রেনের গতি মন্থর করার বা প্রাকৃতিক গ্যাস কোম্পানিগুলোকে সরবরাহ বন্ধ করে দেওয়ার বার্তা দিতে পারবে।
উ বলেন, বিদেশে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার যে যন্ত্র প্রচলিত আছে তার থেকে তাদের উদ্ভাবিত যন্ত্র অনেক বেশি নিপুণ এবং এর খরচও কম। মাত্র ১০ হাজার তাইওয়ানি ডলারে (৩২ মার্কিন ডলার) এটি বাজারে ছাড়া সম্ভব হবে। পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে তারা এটি উদ্ভাবন করেছেন।
উ তাইপেতে সাংবাদিকদের বলেন, "৩০ সেকেন্ডের মধ্যেই আমার বলতে পারব বড় না ছোট ধরনের ভূমিকম্প ঘটতে চলেছে। কী পরিমাণ ধ্বংসযজ্ঞ ঘটবে আগেভাগে তাও অনুমান করতে পারব আমরা।"
তিনি বলেন, যন্ত্রটিতে মাত্র কয়েক ডলারের একটি চিপ ব্যবহার করা হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রী আবহাওয়া দপ্তরের ভূমিকম্পের কেন্দ্রের পরিচালক কু কাই-ওয়েন বলেছেন, স্কুল, রেলওয়ে ব্যবস্থা ও পারমাণবিক কেন্দ্রগুলো এই প্রযুক্তির মাধ্যমে উপকৃত হবে। তবে যন্ত্রটির ব্যবহার শুরুর আগে কম্পিউটার পরিচালিত সতর্ক সংকেত ব্যবস্থার সঙ্গে এর সংযোগ সাধন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/
bdnews24