প্রাগ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাগে রোববারের ভাষণে পরমাণূ অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। পরমাণু অস্ত্রধর সব রাষ্ট্রকেই অস্ত্র কমানোর প্রক্রিয়ায় যোগ দেওয়ানোর অঙ্গীকার করেছেন তিনি।
প্রাগের হ্রাডচানস্কা চত্বরে সমবেত হাজার হাজার চেক নাগরিক ও বিদেশি পর্যটকের উপস্থিতিতে উন্মুক্ত ভাষণে ওবামা বলেন, "পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত পদক্ষেপ নেবে।"
ইরানের পরমাণু হুমকির কথা উল্লেখ করে ওবামা বলেন, "এ হুমকি দূর হলে ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার তাগিদও দূর হবে।"
তিনি আরও বলেন, "ইরানের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত হুমকি থাকবে আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে অগ্রসর হব। আর ইরানের হুমকি দূর হলে আমরা নিরাপত্তার নিশ্চয়তা পাব। ফলে ইউরোপে আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার তাগিদও দূর হবে।"
এক সপ্তাহের সফরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে রয়েছেন ওবামা। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকেও অস্ত্র হ্রাসের প্রতিশ্র"তি দিয়েছেন। সেইসঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর করার পাশাপাশি এই চুক্তিসহ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ভঙ্গকারী দেশগুলোর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করারও অঙ্গীকার করেছেন ওবামা।
উত্তর কোরিয়ার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, "রোববার রকেট উৎক্ষেপণ করে তারা নিয়ম ভঙ্গ করেছে।" তিনি উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেওয়ার আহ্বান জানান এবং পিয়ংইয়ংকে এখন অবশ্যই বদলাতে হবে বলে মন্তব্য করেন।
উত্তর কোরিয়া অবশ্য বলেছে, "কেবলমাত্র কক্ষপথে উপগ্রহ পাঠানোই তাদের এই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য।"
উত্তর কোরিয়ার এ পদক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24