জেরুজালেম, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান বলেছেন, গাজা উপত্যকা সশস্ত্র হামাসের নিয়ন্ত্রণে থাকলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি কঠিন হবে।
বৃহস্পতিবার প্রকাশিত 'হারেৎজ' পত্রিকাকে লিবারম্যান বলেন, "ফিলিস্তিনিদের অবশ্যই প্রথমে সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নিরস্ত্র করতে হবে। এ ছাড়া সামনে এগুনো কঠিন হবে।"
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বেধে দেওয়া শর্ত মানতে ইসরায়েল বাধ্য নয় বলে বুধবার একদিকে যেমন ফিলিস্তিনিদের ক্ষিপ্ত করে তুলেছেন, তেমনি তার মন্তব্যে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হতে পারে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিস ঘোষণার কোনো 'বৈধতা' নেই এবং তা মেনে আলোচনা শুরু করতে ইসরায়েল বাধ্য নয় বলে বুধবার মন্তব্য করেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান।
তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস বলেছে, দ্বি-রাষ্ট্রিক সমাধানের বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের যে আশঙ্কা করা হচ্ছিল তারই আভাস পাওয়া যায় লিবারম্যানের মন্তব্যে: "২০০৭ সালের অ্যানাপোলিস সম্মেলনের ঘোষণার কোনো 'বৈধতা নেই'।"
তবে তিনি বলেছেন, ২০০৩ সালের যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তির 'রোডম্যাপ' ধরে এগিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। ওই রোডম্যাপে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো চূড়ান্ত পর্যায়ের যে কোনো আলোচনার আগে ইসরায়েলে হামলা কমানোর বাধ্যবাধকতা রয়েছে ফিলিস্তিনি নেতাদের।
সোভিয়েত ইউনিয়ন থেকে অভিবাসী লিবারম্যানকে বর্ণবাদী বলে মনে করে অনেক আরব। তার এ মন্তব্যে অনেকটাই নিশ্চিত হল যে, পূর্বসূরি এহুদ ওলমার্ট প্রশাসনের অবস্থান থেকে সরে আসছে নেতানিয়াহু সরকার। ওলমার্ট প্রশাসন 'রোডম্যাপ অঙ্গীকারগুলো' বাস্তবায়িত হচ্ছে কি না সে বিবেচনায় প্রথমেই সীমান্ত এবং দুই-রাষ্ট্র সমাধানে জেরুজালেমের 'মর্যাদা' কী হবে তেমন ইস্যুগুলো সমাধান করার পক্ষে ছিলেন।
এ অবস্থায় আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনা বহু দূরের বিষয়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। অনেকে এমন আশঙ্কাও করছেন যে, গাজার দখল হামাসের হাতে থেকে গেলে পশ্চিমা সমর্থিত পশ্চিমতীরের ফিলিস্তিনি নেতারা খুব শিগগিরই ইসরায়েলের নিরাপত্তা শর্তগুলো পূরণে সক্ষম হবেন না।
ওদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, লিবারম্যানের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্যও আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/এফএইচবি/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24