নিউ ইয়র্ক, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এই বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার প্রবৃদ্ধির দিকে যাবে বলে প্রত্যাশা করা হলেও মুদ্রার সহজ জোগান এবং দুর্বল ডলারের কারণে মূল্যস্ফীতি সৃষ্টি হলে আগামী বছর আরেকটি মন্দা দেখা দিতে পারে। বুধবার এক প্রতিবেদনে এ আশঙ্কা জানানো হয়।
বিপুল পরিমাণে উদ্দীপনামূলক ব্যয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে ফেডারেল রিজার্ভের ব্যবহারের কারণে এই বছরের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্রের রুগ্ণ হয়ে পড়া অর্থনীতিতে আবার গতি সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। আগের বছর, ২০০৮ সালের শেষ তিন মাসে প্রবৃদ্ধির হার সঙ্কুচিত হয়ে ৬ দশমিক ৩ শতাংশে নেমে এসেছিল।
কিন্তু 'দ্যা কনফারেন্স বোর্ড' নামের একটি বেসরকারি গবেষণা সংস্থা তাদের প্রতিবেদনে আরও বলেছে, অর্থনীতিকে গতিশীল করার জন্য সুদের হার কমানো এবং সরকারের কোটি কোটি ডলারের ঋণের দায়িত্ব নেওয়ার জন্য ফেডারেল রিজার্ভের ব্যবহারের কারণে অবাঞ্ছিত ফলও ঘটতে পারে।
কনফারেন্স বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ বার্ট ভ্যান আর্ক বলেছেন, "যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি খুব দ্রুতগতিতে পুনরুদ্ধার হয়, তাহলে ২০১০ সালে আরেকটি মন্দার আশঙ্কা থেকে যায়।"
দ্রুতগতিতে পুনরুদ্ধারের বিপদ সম্পর্কে তিনি বলেন, "এর ফলে মূল্যস্ফীতির দিকে যাওয়ার একটি প্রবণতা তৈরি হতে পারে, যা অর্থনীতি পুনরুদ্ধারের বর্তমান পথ ও পদ্ধতির ব্যাপারে অনিশ্চয়তা তৈরি করবে।
ভ্যান আর্ক উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 'ডাবল-ডিপ' মন্দা বা দ্বিতীয়বারের মতো মন্দা হওয়ার আশঙ্কা আছে। ১৯৮০ ও ১৯৮২ সালে একই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল। ওই সময় ডলারের দাম কমে যাওয়া ও সহজ মুদ্রানীতির ফলে পণ্যের দাম বেড়ে গিয়েছিল।
কনফারেন্স বোর্ড জানিয়েছে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ কমে যেতে পারে। ১৯৪৬ সালের পর প্রবৃদ্ধির হার আর কোন বছরেই এতোটা কমেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/১৬৪৯ ঘ.
bdnews24