জেরুজালেম, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে সমর্থন করে। ডানপন্থি নেতানিয়াহু যা সমর্থন করেননি। (আরও তথ্যসহ)
সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পেরেজ বলেন, "শান্তি প্রক্রিয়া সব দিক থেকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে আপনার নেতৃত্বাধীন সরকারকে।"
তিনি আরও বলেন, "বিদায়ী সরকার আলাদা ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মার্কিন প্রশাসনের প্রস্তাব গ্রহণ করেছিল এবং বিশ্বের বেশির ভাগ দেশও সেটি গ্রহণ করে।"
পেরেজ বলেন, আপনার সরকারকে সামনের দিনগুলোর বাস্তবতার স্বরূপ নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, "গোটা অঞ্চলের জন্য শান্তি ছাড়া ভালো কোনও বিকল্প আমার জানা নেই। তাছাড়া, আরব বিশ্বে ইরানের প্রভাব বিস্তারের হুমকির কারণেও আরবদের শান্তি দরকার।"
ফিলিস্তিন রাষ্ট্র ও আরব শান্তি উদ্যোগ সম্পর্কে পেরেজের মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে নেতানিয়াহু কোনও প্রতিশ্র"তি না দিয়ে বলেন, "আমি মনোযোগ দিয়ে শুনেছি। দায়-দায়িত্ববোধ এবং ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছি।"
মঙ্গলবার পার্লামেন্টের নীতি নির্ধারণী বক্তব্যে নেতানিয়াহু বলেন, "তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা করবেন।" তবে এবারও তিনি ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করেননি।
পেরেজের সরকারি বাসভবনে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে নেতানিয়াহু তার সরকারের নীতি সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তিনি কেবল বলেন, "আমাদেরকে শার্টের হাত গুটিয়ে কাজে নামতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৬ ঘ.
bdnews24