ওয়াশিংটন, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা বিষয়ক আন্তর্জাতিক দাতা সম্মেলনে যোগ দিতে রোববার মিসরে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরে তিনি ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন।
মিসরে সোমবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র গাজাকে নয়শ' মিলিয়ন মার্কিন ডলারের বেশি সাহায্যের প্র"তিশ্র"তি দেবে বলে আশা করা হচ্ছে। গত ডিসেম্বরে ইসরায়েলি আগ্রাসনের পর গাজা পুনর্গঠনে দাতাদের কাছ থেকে আর্থিক সহযোগিতার আশায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
ওয়াশিংটন চাইছে, সম্মেলন থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে ফিলিস্তিনের পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাত আরও শক্তিশালী করতে। একইসঙ্গে এই অর্থ যাতে জঙ্গি সংগঠন হামাসের হাতে না যায় সে বিষয়টিতেও তারা জোর দিয়েছে।
গত শুক্রবার ভয়েস অব আমেরিকাকে হিলারি বলেন, "আমি একটি গুরুত্বপূর্ণ সাহায্য প্যাকেজ ঘোষণা করব। তবে আমাদের লক্ষ্য পূরণেই এই অর্থ ব্যয় করা হবে।"
তবে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গাজা পুর্নগঠনে যত অর্থই দেওয়া হোক, ইসরায়েলি সীমান্ত দিয়ে সেখানে কোনো পণ্য ঢুকতে না পারলে সে অর্থ খুব বেশি কাজে আসবে না।
মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' এর নির্বাহী পরিচালক কেনেথ রুথ বলেন, বাণিজ্যিক পণ্য এবং মানবিক সাহায্য প্রবেশের জন্য ইসরায়েলি সীমান্ত খুলে দেওয়ার দাবি দাতারা না তুললে সম্মেলন থেকে প্রাপ্ত অর্থ বলতে গেলে কোনো কাজেই আসবে না।"
মিসর সম্মেলনে যোগ দেওয়া আরব ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন হিলারি। এরপর তিনি সেখান থেকে জেরুজালেম যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৩ ঘ.
bdnews24