জেরুজালেম, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের ডানপন্থি লিকুদ পার্টির নেতা বেনজামিন নেতানিয়াহু মধ্যপন্থি কাদিমা পার্টির নেতা জিপি লিভনিকে নিয়ে বৃহত্তর জোট সরকারের চিন্তা বাদ দিয়েছেন। নেতানিয়াহুর এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন।
কাদিমা দলের সঙ্গে শুক্রবার দ্বিতীয় দফা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেঙে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর দল।
এই সিদ্ধান্তের ফলে দখলকৃত ভূমি থেকে ইসরায়েলের সরে আসা এবং ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনার বিরোধী কট্টর ডানপন্থি দলগুলোকে নিয়ে নেতানিয়াহুর জোট সরকার গঠনের সম্ভাবনা আরও জোরদার হয়ে পড়ল।
বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিভনি অভিযোগ করেছেন যে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানের শান্তি প্রক্রিয়ার প্রতি যথেষ্ট প্রতিশ্র"তিবদ্ধ নন।
নেতানিয়াহুর মুখপাত্র ডিনা লিবস্টার বলেছেন, "সংলাপের পালা শেষ। কাদিমার সঙ্গে আর আলোচনার কোনো পরিকল্পনা নেই আমাদের।"
তিনি আরও জানান যে, "অবশ্য লিভনি যদি বিষয়টি পুনর্বিবেচনা করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তাকে স্বাগত জানানো হবে।"
ফেব্র"য়ারির ১০ তারিখের নির্বাচনে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিভিনির কাদিমা দল নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও পার্লামেন্টে ডানপন্থি দলগুলোর সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা বেশি হওয়ায় নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট শিমন পেরেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24