লস এঞ্জেলেস, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের মন্টানায় রোববার একটি এক ইঞ্জিনের ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৭জন নিহত হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এএফএএ) একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
বিমানটি ক্যালিফোর্নিয়ার ওরোভিল শহর থেকে আরোহীদের একটি স্কি গ্রাউন্ডে নিয়ে যাচ্ছিল। কিন্তু পশ্চিম মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সামান্য আগে বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের বেশিরভাগই শিশু এবং আরোহীদের কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছূক্ষণ পরই একজন প্রত্যক্ষদর্শীর তোলা ছবিতে দেখা যায় মন্টানার বার্ট মুনি এয়ারপোর্টের একদম লাগোয়া একটি কবরস্থানে গাছপালার ওপর বিধ্বস্ত হওয়া বিমানটিতে আগুন জ্বলছে। সিএএনএন ছবিটি প্রচার করে।
মন্টানার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, শিশুদের ওই দলটিকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ৫০ মাইল উত্তরে অবস্থিত বোজেমান স্কি গ্রাউন্ডে নিয়ে যাচ্ছিল বিমানটি।
ওদিকে, সিয়াটলে এফএএ'র মুখপাত্র মাইক ফার্গুস জানিয়েছেন, বিমানটিতে ১৭জন আরোহী ছিল এবং তাদের কেউই বেঁচে নেই বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। একসিঙ্গে তিনি জানান ওই ঘটনায় বিমানের আরোহী ছাড়া ঘটনাস্থলের কেউ হতাহত হননি।
ওই মুখপাত্র সিএনএনকে আরও জানান, বিমানটির পাইলট মন্টানার বোজেমানে যাওয়ার জন্য পরিকল্পনা নিয়ে উড়তে শুরু করেন কিন্তু একপর্যায়ে তা বাতিল করে বার্ট মুনি এয়ারপোর্টের দিকে যাত্রা করেন।
এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ পিলাটাস পিসি১২ বিমানটি মন্টানার ওই বিমানবন্দরের মাত্র ৫০০ ফিট দূরে মাটির ওপর আছড়েগ পড়ে এবং আগুন ধরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৫ ঘ.
bdnews24