জেরুজালেম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলে জোট সরকার গড়তে মঙ্গলবার প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন লেবার পার্টির নেতা এহুদ বারাক এবং লিকুদ পার্টির ভাবী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে ইসরায়েলের পরবর্তী সরকারে লিকুদ-লেবার ঐক্যের সম্ভাবনা এবং মধপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরকারের বিরোধ এড়ানোর পথ সুগম হল।
বারাকের সঙ্গে এই চুক্তির আওতায় নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি পরিচালিত প্রশাসন ইসরায়েলের সব আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে। এর মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চুক্তিও রয়েছে। লেবার পার্টির এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
মধ্য-বাম লেবার পার্টিকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু ১২০ আসনের পার্লামেন্টে ৬৬ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেলেন। ৩ এপ্রিল সরকার গঠনের সময়সীমা পেরোনোর আগে এ সংখ্যা আরও বাড়তে পারে।
বারাক-নেতানিয়াহু চুক্তিটি মঙ্গলবারেই লেবার পার্টিতে অনুমোদন পাওয়া অপেক্ষায় আছে। এহুদ বারাক বর্তমান ইসরায়েল সরকারের প্রতিরক্ষা মন্ত্রী। চুক্তি অনুযায়ী, নতুন সরকারেও তিনি এ পদে থাকবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু নেতানিয়াহুর সঙ্গে যোগ দেওয়ার কারণে তিনি ইতোমধ্যেই দলের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন।
দলগুলোর জুনিয়র পর্যায়ের নেতাদের আলোচনার মধ্য দিয়ে বারাক ও নেতানিয়াহু জোট চুক্তিতে সম্মত হন বলে জানিয়েছেন এক লেবার কর্মকর্তা।
লেবার পার্টি ইসরায়েল ও ফিলিস্তিনের সহাবস্থানের ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এই প্রক্রিয়া সমর্থন করে না।
ফলে লিকুদ-লেবার চুক্তির মধ্য দিয়ে পরোক্ষোভাবে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি সামনে চলে আসছে। সেইসঙ্গে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নেতানিয়াহু সরকারের সংঘাতের আশঙ্কাও রয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬৪৫ ঘ.
bdnews24