জেনেভা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশ্রয় চেয়ে পশ্চিমা দেশগুলোতে ২০০৮ সালে আবেদন করেছে প্রায় তিন লাখ ৮৩ হাজার মানুষ। এক বছরে এই হার বেড়েছে প্রায় ১২ শতাংশ। জাতিসংঘ মঙ্গলবার একথা জানিয়েছে।
ইরাক, আফগানিস্তান ও সোমালিয়ার মতো বিভিন্ন দেশে সংঘাতের কারণে সেখানকার মানুষ দেশ ছাড়ছে। শিল্পন্নোত দেশগুলোতে স্থায়ী আশ্রয় চেয়ে তারা আবেদন করছে। তবে সুইডেনের মতো যে সমস্ত দেশ সাধারণত আশ্রয় দিয়ে থাকে তারা কড়াকড়ি আরোপ করায় মানুষ এখন অন্য অনেক দেশেও আবেদন করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন জানিয়েছে, গত বছর প্রায় সাড়ে ৪০ হাজার ইরাকি আশ্রয় চেয়েছে। টানা তিন বছর ধরে ইরাকিরাই আশ্রয়প্রার্থীর তালিকায় শীর্ষে আছে।
তারপরও ইরাকি আশ্রয়প্রার্থীদের সংখ্যা ১০ শতাংশ কমেছে। তারা ৩৭ টি পশ্চিমা দেশে আশ্রয় চেয়ে আবেদন করছে জানিয়ে ইউএনএইচসিআর বলছে, এ থেকে এটাই বোঝা যাচ্ছে যে, আশ্রয়প্রার্থীরা এখন আরও বেশি সংখ্যক দেশে আশ্রয় চাচ্ছে।
সংখ্যার দিক দিয়ে আশ্রয়প্রার্থীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সোমালিরা। গত বছর আশ্রয় চেয়ে আবেদন করেছে প্রায় ২১ হাজার ৮০০ সোমালি। আগের বছরের তুলনায় যা ৭৭ শতাংশ বেশি। এ থেকে বোঝা যাচেছ, সোমালিয়া পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। তাদের পছন্দের তালিকার শীর্ষে আছে ইতালি।
আশ্রয়প্রার্থীদের মধ্যে সোমালিদের পরেই আছে রুশরা। গত বছর বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছে প্রায় ২০ হাজার ৫০০ রুশ। তাদের পছন্দের শীর্ষ দেশ প্রতিবেশী পোল্যান্ড।
ইউএনএইচসিআর এর হিসেবমতে, এরপরেই আছে আফগানরা। প্রায় ১৮ হাজার ৫০০ আফগান গত বছর বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের পছন্দের দেশের তালিকার প্রথম দিকে আছে ব্রিটেন, তুরস্ক ও গ্রিস।
গত বছর প্রায় ১৭ হাজার ৪০০ চীনা আশ্রয় চেয়েছে বিভিন্ন দেশে। তাদের সংখ্যা প্রায় আগের মতোই আছে এবং এদের অর্ধেক চায় যুক্তরাষ্ট্রে বসবাস করতে।
সব মিলিয়ে গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন পড়েছে প্রায় দুই লাখ ৯০ হাজার, আগের বছরের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে আবেদন পড়েছে প্রায় দুই লাখ ৩৮ হাজার।
উত্তর আমেরিকায় গত বছর আশ্রয় চেয়ে আবেদন করেছে প্রায় ৮৬ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৪৯ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৫ ঘ.
bdnews24