২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মন্দা আগামী বছরে গড়াবে: ফ্লেডস্টেইন

যুক্তরাষ্ট্রে মন্দা আগামী বছরে গড়াবে এবং সঙ্কট কাটাতে এ বছরের মতোই বড় ধরনের আরেকটি অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রয়োজনীয়তাও দেখা দিতে পারে। বিশিষ্ট অর্থনীতিবিদ মার্টিন ফ্লেডস্টেইন মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

বেইজিং, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে মন্দা আগামী বছরে গড়াবে এবং সঙ্কট কাটাতে এ বছরের মতোই বড় ধরনের আরেকটি অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার প্রয়োজনীয়তাও দেখা দিতে পারে। বিশিষ্ট অর্থনীতিবিদ মার্টিন ফ্লেডস্টেইন মঙ্গলবার একথা বলেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক পুনরুদ্ধার পরামর্শদাতা বোর্ডের সদস্য ফ্লেডস্টেইন রয়টার্সকে বলেন, "ব্যয়, রপ্তানি ও নির্মাণ খাতে যে ধস সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার মাধ্যমে তার সামান্যকিছু রাশ টেনে ধরাই কেবল সম্ভব।" তিনি বলেন "আমার আশঙ্কা অর্থনীতির পতনশীল অবস্থা আগামী বছরেও গড়াবে।" বেইজিংয়ে একটি সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ব্যুরো অব ইকনোমিক রিসার্চ'এর সাবেক প্রধান ফ্লেডস্টেইন সাক্ষাৎকারে আরও বলেন, "আমি জানি না এর শেষ কবে। তবে এই বছরই এর সমাপ্তি ঘটবে বলে যে পূর্বাভাস জানানো হচ্ছে তাকে আমি মাত্রাতিরিক্ত আশাবাদ হিসেবে দেখছি।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে ৭৮৭ বিলিয়ন ডলারের আর্থিক পুনরুদ্ধার বিলে স্বাক্ষর করেছেন। এর মধ্যে ২৮৭ বিলিয়ন ডলার সাময়িক কর রেয়াত এবং ৫০০ বিলিয়ন ডলার সরকার বিভিন্ন খাতে ব্যয় করবে। এ ছাড়াও সরকার আর্থিক খাতের ধস ঠেকাতে আরও বহুকোটি ডলারের সাহায্য পরিকল্পনা গ্রহণ করেছে। তবে এসবকেই অপ্রতুল বলছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, "ভোক্তাদের ব্যয় কমে যাওয়ায় অর্থনীতির যে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে তা সামাল দিতে ওই পুনরুদ্ধার তহবিল যথেষ্ট নয়। তাই যতক্ষণ পর্যন্ত আর্থিক বাজার ব্যবস্থা ঠিক হওয়ার অবস্থায় না আসছে, আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে কোন এক পর্যায়ে আরেকটি পুনরুদ্ধার পরিকল্পনা নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৬ ঘ.