২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামাকে নিষিদ্ধ করায় দ আফ্রিকায় শান্তি সম্মেলন স্থগিত

দক্ষিণ আফ্রিকায় নোবেল বিজয়ীদের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ভিসা দিতে সরকার অস্বীকার করায় সম্মেলন স্থগিত করা হয়েছে। আয়োজকরা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

জোহান্সবার্গ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকায় নোবেল বিজয়ীদের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ভিসা দিতে সরকার অস্বীকার করায় সম্মেলন স্থগিত করা হয়েছে। আয়োজকরা মঙ্গলবার একথা জানিয়েছেন। ২৭ মার্চে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু, মার্টি আতিসারি এবং এফডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল দালাই লামার। সেইসঙ্গে নরওয়ের নোবেল শান্তি কমিটির সম্মেলনেও অংশ নেওয়ার কথা ছিল। দক্ষিণ আফ্রিকা সরকার গত রোববার শান্তি সম্মেলনে অংশ নিতে দালাই লামাকে ভিসা দিতে অস্বীকার করে। এরপর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অনেকেই শান্তি সম্মেলন বয়কটের হুমকি দিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে না। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দক্ষিণ আফ্রিকার ফুটবল কর্তৃপক্ষ শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা করছে। জেনোফোবিয়া ও বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফুটবলকে কাজে লাগানোর আশায় বিশ্বকাপের আগেই তারা এই সম্মেলন করবেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান ইরভিন খোজা বলেন, "পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।" তবে সরকারের মুখপাত্র থাবো মাসেবি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় এ মুহূর্তে দালাই লামার উপস্থিতি সরকারের জন্য মঙ্গলজনক হবে না। তিনি বলেন, "আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। কিছুই পরিবর্তন হবে না। দালাই লামাকে আমরা দক্ষিণ আফ্রিকায় আসতে দেব না। বিশ্বকাপের আগ পর্যন্ত তাকে ভিসা দেওয়া হবে না।" গত রোববার সানডে ইনডিপেন্ডডেন্ট পত্রিকা জানায়, চীন সরকারের চাপের মুখে দালাই লামাকে সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর বিরোধিতা করেছেন আর্চবিশপ টুটু। সম্মেলন বয়কটের হুমকি দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষের কাছে তাদের এই পদক্ষেপের ব্যাখ্যা দাবি করেছেন। দালাই লামাকে সেদেশে ঢুকতে না দেয়ার জন্য চীন সরকার দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। দক্ষিণ আফ্রিাকায় চীনা দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.