২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বামদের সমর্থন লাগতে পারে কংগ্রেসের: পাওয়ার

ভারতে সাধারণ নির্বাচনে জিতে কংগ্রেসের সরকার গঠনে আবারও বামপন্থি অথবা অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনের প্রয়োজন হতে পারে। ক্ষমতাসীন জোটের প্রভাবশালী নেতা শরদ পাওয়ার বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নয়াদিল্লি, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে সাধারণ নির্বাচনে জিতে কংগ্রেসের সরকার গঠনে আবারও বামপন্থি অথবা অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনের প্রয়োজন হতে পারে। ক্ষমতাসীন জোটের প্রভাবশালী নেতা শরদ পাওয়ার বুধবার একথা বলেছেন। কৃষিমন্ত্রী পাওয়ার কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও মহারাষ্ট্রের প্রাদেশিক রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে। আগামী এপ্রিল-মে'র নির্বাচনের কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পাওয়ারের প্রধানমন্ত্রী হওয়ারও সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। ২০০৪ সালের নির্বাচনে জেতার পর ক্ষমতায় যাওয়ার জন্য কংগ্রেসকে বামপন্থিদের সমর্থন নিতে হয়। বামপন্থিরা চার বছর কংগ্রেসকে সমর্থন দিয়ে এলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা করে ২০০৭ সালের শেষের দিকে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়। এরপর আঞ্চলিক দল সমাজবাদী পার্টির সমর্থন নিয়ে কংগ্রেস ক্ষমতায় টিকে আছে। রয়টার্সকে পাওয়ার বলেন, "আমাদের ভুললে চলবে না, চার বছর বামদের সমর্থন না পেলে সরকারের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হত না।" "তারা সমর্থন প্রত্যাহার করার পরপরই সমাজবাদী পার্টি এগিয়ে এসেছে। কাজেই একটা জিনিস আমাদের মেনে নিতে হবে.... এই ঘটনা আবারও ঘটতে পারে। এই রাজনৈতিক শক্তির ওপর আমাদের নির্ভর করা লাগতে পারে।" বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) এবং হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এর মধ্যে। কমিউনিস্টদের নেতৃত্বে নয়টি ছোট ছোট দলের সমন্বয়ে 'তৃতীয় মোর্চা' এ দুই প্রধান জাতীয় রাজনৈতিক জোটের বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কংগ্রেস থেকে বিতাড়িত হওয়ার পরেই পাওয়ার এনসিপি গঠন করেছিলেন। তবে এখন তিনি কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারেরই অংশিদার। পাওয়ারের এই মন্তব্য থেকে এটাই পরিষ্কার হয়েছে, কংগ্রেস নির্বাচনে ভাল করতে না পারলে অন্যদের নিয়ে সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে মিত্ররা তাদের কতটা পেয়ে বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৫০ ঘ.