নয়াদিল্লি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনডিটিভি)- ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বরুণ গান্ধীকে শনিবার আটক করে জেলে পাঠানো হয়েছে। তাকে সোমবার পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ভারতের এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
মুসলিম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণকে উত্তর প্রদেশের পিলিভিত জেলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এনডিটিভির ওয়েবসাইটে জানানো হয়েছে, এর আগে আত্মসমর্পণ করতে চান জানিয়ে বরুণ জেলার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি দেন। এরপর সাংবাদিকদের তিনি জানান, তিনি তার বিশ্বাসে অনড় এবং জেলে যেতেও প্রস্তুত আছেন।
বরুণ বলেন, "আমি যা বিশ্বাস করি তার জন্য লড়াই করতে প্রস্তুত আছি। দেশের আইন এবং বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।"
"আমি জেলে গেলে মানুষ যদি তাদের অধিকার আদায়ের লড়াইয়ে সোচ্চার হওয়ার শক্তি পায় তাহলে আমি জেলে যেতে প্রস্তুত আছি।"
খুব সকাল থেকেই পিলিভিতে জড়ো হতে থাকে বিজেপির শত শত সমর্থক। জেলার অনেক স্থানে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বরুণকে জেলে পাঠানোর পর পুরো জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।
বিজেপি মুখপাত্র বলবীর পাঞ্জ জানিয়েছেন, বরুণ দলের একজন খাঁটি কর্মীর মতো কাজই করেছেন।
তবে বরুণ গান্ধী বুধবার দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজের সূত্রধরে অভিযোগ ওঠে, বরুণ বলেছেন হিন্দুদের ভয়ভীতি দেখানো মুসলমানদের তিনি হাত কেটে নেবেন। এ ছাড়া তিনি প্রতিদ্বন্দ্বী এক মুসলমান প্রার্থীকে ওসামা বিন লাদেনের সঙ্গেও তুলনা করেন।
বরুণ দাবি করেন, একটি রাজনৈতিক সমাবেশে দেওয়া তার বক্তৃতার টেপ বিকৃত করে ষড়যন্ত্রকারীরা এই কাজ করেছে। তিনি এমন কথা বলেননি।
ভারতের রাজনীতিতে প্রভাবশালী নেহেরু-গান্ধী পরিবারের বেশিরভাগ সদস্য সব সময় কংগ্রেসের রাজনীতি করে এলেও বরুণ কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপি করেন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় কংগ্রেসই ভারত শাসন করেছে।
এর আগেও নির্বাচনে হিন্দুদের ভোটব্যাংককে নিজেদের পক্ষে ব্যবহার করতে মুসলিম বিদ্বেষী প্রচারণা কৌশল কাজে লাগানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24