কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পূর্ণাঙ্গ বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করে ১৩ দিনের সফল অভিযান শেষে শনিবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান ডিসকভারি।
ডিসকভারির কমান্ডার লি আরচামবল্ট শনিবার স্থানীয় সময় ৩টা ১৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের রানওয়েতে মহাকাশ যানটিকে সফলভাবে অবতরণে সক্ষম হন। মার্চের ১৫ তারিখে এর কয়েক মাইল দূরের উৎক্ষেপণ কেন্দ্র থেকে উড্ডয়ন করেছিল ডিসকভারি।
৫৩ লাখ মাইলের যাত্রা শেষে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার সময় এই মিশনের কন্ট্রোল রুম থেকে নভোচারী জর্জ জামকা ডিসকভারির সব ক্রুকে রেডিও বার্তায় স্বাগত জানিয়ে বলেন, "আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পুরো বিদ্যুৎ ব্যবস্থা সম্পন্ন করার মহান অভিযাত্রা শেষে ঘরে ফিরে আসায় ডিসকভারিকে স্বাগতম।"
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জ্বালানির জন্য নির্মাণাধীন সৌরশক্তি প্যানেলের চতুর্থ এবং শেষ অংশটিকে বয়ে নিয়ে যাওয়া এবং তা স্থাপন করা ছিল এবারের ডিসকভারি অভিযানের মূল লক্ষ্য। ১৪,০০০ কিলোগ্রাম ওজনের ওই প্যানেলটি স্থাপন শেষ করায় পুরো জ্বালানি ব্যাবস্থা সম্পন্ন হল স্টেশনটির। সৌরশক্তি প্যানেলটির জন্য ব্যয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
একইসঙ্গে মহাকাশ স্টেশনে অবস্থানের জন্য নতুন ক্রু সদস্য জাপানি নভোচারী কোইচি ওয়াকাতাকে বয়ে নিয়ে গেছে ডিসকভারি। ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ওই স্টেশনে অবস্থানের সুযোগ পাওয়া প্রথম জাপানি নভোচারী ওয়াকাতা।
এছাড়া, মহাকাশ স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে চারমাস অবস্থানের পর মার্কিন নভোচারী স্যান্দ্রা ম্যাগনাস পৃথিবীতে ফিরে আসেন ডিসকভারির ফিরতি যাত্রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24