লাহোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের লাহোরে একটি পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে সোমবার সকালের হামলায় নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বেসরকারি টিভি জিও। তারা আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়েছে। বন্দুকধারীদের অবরুদ্ধ করে রেখেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। (আরো তথ্যসহ-২)
১৫ থেকে ২০ জন হামলাকারী একাডেমিটির ভেতরে অবস্থান নিয়ে আছে বলে জানিয়েছে জিও টিভি। সেনাবাহিনী ও অধাসামরিক বাহিনীর সেনারা প্রশিক্ষণ কেন্দ্রটি অবরুদ্ধ করে রেখেছে। আশেপাশের ভবনগুলোর ছাদের ওপর থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। পাল্টা গুলি ও গ্রেনেড হামলা চালাচ্ছে বন্দুকধারীরাও।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুস্তাক সুখেরা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, "আমাদের এলিট স্কোয়াড এলাকাটি ঘিরে রেখেছে। আল্লাহর ইচ্ছায় এখন আমরা ভবনের ভেতরে প্রবেশ করব।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রেহমান মালিক হামলায় ৫২ জন পুলিশ আহত হওয়ার কথা জানিয়েছেন। তবে কয়জন পুলিশ নিহত হয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে ঘটনাস্থলের আশপাশে। এছাড়া আশপাশের লোকজনকেও নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাকারীরা একাডেমি ভবনে অবস্থান নিয়ে গুলি চালাচ্ছে। ঘটনাস্থলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলাকারীদের কয়েকজন একাডেমির ভেতরে ঢুকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ শুরু করে।
পুলিশ প্রশিক্ষণ একাডেমিটি ভারত সীমান্তের কাছে অবস্থিত। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলাকারীদের বেশ কয়েকজন পুলিশের পোশাক পরা ছিল।
একটি টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে।
নিউজ চ্যানেলগুলোতে দেখা গেছে, পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। তার কাছে আফগান পাসপোর্ট এবং গ্রেনেড পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/জিএনএ/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24