নয়াদিল্লি, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত নভেম্বরে মুম্বাইয়ে হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবের পক্ষে সোমবার একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ভারত।
সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম এই তথ্য জানিয়ে বলেন, আদালত ভিডিও লিংকের মাধ্যমে মুম্বাইয়ের কারাগারে কাসাবের শুনানি গ্রহণ করার সময় তিনি আইনজীবী নিয়োগের আদালতের সিদ্ধান্ত মেনে নেন।
নিকাম জানান, একজন আইনজীবী নিয়োগের প্রস্তাব দেওয়া হলে কাসাব তা মেনে নিয়ে বিচারককে বলেন, "আমি আপনার দেওয়া আইনজীবীকে মেনে নিচ্ছি। এটা আমার জন্য ভাল হল।"
তিনি আরও জানান, কালো টি-শার্ট ও প্যান্ট পরে অবস্থায় শুনানিতে অংশ নেন কাসাব। তিনি বিচারকের উদ্দেশে বলেন, "আমি কারগারে পত্রিকা পড়তে চাই।" বিচারক বলেন, "আমরা আপনার আবেদন বিবেচনা করে দেখব।" এরপর বিচারক শুনানি ৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।
মুম্বাইয়ের দুটি পাঁচ তারকা হোটেল ও রেলস্টেশনসহ কয়েকটি স্থানে নভেম্বরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। ভারতীয় পুলিশের ভাষ্যমতে, কাসাবসহ ১০ জঙ্গি সমুদ্র পথে মুম্বাই এসে ওই হত্যাযজ্ঞ চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১২ ঘ.
bdnews24