নমপেন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পলপটের অন্যতম শীর্ষ সহযোগী এবং খেমাররুজ নির্যাতন বাহিনীর প্রধান ডাচ কুখ্যাত এস-টুয়েন্টিওয়ান বন্দিশিবিরে প্রায় ১৪,০০০ ক্যাম্বোডীয়কে হত্যা ও নির্যাতনের অভিযোগ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন এবং এজন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
৩০ বছর আগে খেমাররুজ শাসনামলে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে জাতিসংঘের সহায়তায় গঠিত ক্যাম্বোডিয়ার বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইবুনালে মঙ্গলবার এ স্বীকারোক্তি করেন ডাচ।
খেমাররুজ শাসনামলে নমপেনের কুখ্যাত এস-টুয়েন্টিওয়ান বন্দিশিবিরের প্রধান কারারক্ষক ছিলেন ডাচ। ওই নির্যাতন শিবিরটিতে কট্টর মাওবাদী বিপ্লবীদের ১৪ হাজার 'শত্র"'কে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
১৯৭৫ থেকে ৭৯ সালের মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ হত্যার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী হিসেবে অভিযুক্ত খেমাররুজ শাসকদের কোনো শীর্ষ নেতা এই প্রথমবারের মতো এ ধরনের অভিযোগ স্বীকার করলেন।
আদালতে তিনি বলেন, "এস-টুয়েন্টিওয়ানে সংঘটিত অপরাধের জন্য আমি দায়ী, বিশেষত সেখানকার নির্যাতন এবং হত্যাকাণ্ডের জন্য।"
তিনি আরও বলেন, "আমি ওই শাসনামলে এস-টুয়েন্টিওয়ানে নির্মমভাবে নিহত হওয়া মানুষদের পরিবার পরিজন এবং সেখান থেকে বেঁচে যাওয়া মানুষদের কাছে ক্ষমা চাওয়ার অনুমতি প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করা হলে আমি খুশি হবো।"
জন্মসূত্রে খ্রিষ্টান ডাচ এর প্রকৃত নাম কায়িং গুয়েক ইয়াভ। একসময়ের গণিত শিক্ষক ৬৬ বছর বয়সী ডাচ বলেন, ১৯৭৫-৭৯ সালের মধ্যে সংঘটিত সকল অপরাধের জন্য তার হৃদয় ব্যাথাতুর এবং এজন্য অনুতপ্ত তিনি।
কিন্তু, একইসঙ্গে তিনি বলেন, তিনি আসলে খেমাররুজ নেতা পলপটের আদেশ পালন করছিলেন এবং তা না করলে তার পরিবারের মানুষজন মারা পড়তে পারতো বলে ভীত ছিলেন তিনি।
তার আনুষ্ঠানিক বিচার কাজের দ্বিতীয় দিনে আদালতকে তিনি বলেন, "আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ওই অপরাধের জন্য দায়ী। কিন্তু আমি ছিলাম বলির পাঠামাত্র। একজন মানুষ যে ওই হত্যাকাণ্ডে ভুমিকা রেখেছিল।"
খেমাররুজদের যুদ্ধাপরাধে অন্য শীর্ষ অপরাধীদের বিচারে একজন প্রধান সাক্ষী হিসেবে কাজে লাগানো হতে পারে ডাচকে।
পলপটের বেঁচে থাকা শীর্ষ সহযোগীদের মধ্যে 'ব্রাদার নম্বর টু' নামে খ্যাত নুয়ান চিয়া, ক্যাম্বোডিয়ার তৎকালীন প্রেসিডেন্ট খিউ সাম্ফান, পররাষ্ট্রমন্ত্রী লেং সারি এবং তার স্ত্রীও এই আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। তবে খেমাররুজদের যুদ্ধাপরাধে নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন এই চারজনই।
জাতিসংঘ ও ক্যাম্বোডিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত এই আদালতে দোষী সাব্যস্ত হলে এই পাঁচজনেরই সর্বনিম্ন পাঁচবছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কম্বোডিয়ায় মৃতুদণ্ড নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৫৫৪ ঘ.
bdnews24