২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে বড় নির্বাচনী ইস্যু হাতি

মাওবাদী বিদ্রোহিরাতো অবশ্যই, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্রুদ্ধ হাতির বিষয়টিও গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষার প্রতিশ্র"তি দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

নয়াদিল্লি, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাওবাদী বিদ্রোহিরাতো অবশ্যই, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্রুদ্ধ হাতির বিষয়টিও গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষার প্রতিশ্র"তি দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। গ্রামবাসীরাও নানাস্থানে ব্যানার লাগিয়েছে: "যারা করবে রক্ষা হাতি থেকে, ভোট দেব তাদেরকে।" আরেকটি ব্যানারে লেখা "আমাদের সাহায্য করুন, আমরাও আপনাদের সাহায্য করব।" রাজ্যে হাতিদের আবাসস্থল সংকুচিত হয়ে আসায় ক্ষুব্ধ এই প্রাণীরা প্রায়ই হানা দেয় গ্রামবাসী ও ক্ষেতের ফসলের ওপর। মানুষ-হাতির লড়াই সেখানে উত্তরোত্তর বাড়ছে। পাশাপাশি আছে মাওবাদী বিদ্রোহিদের সশস্ত্র তৎপরতা। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছর ঝাড়খণ্ডে ৬০ থেকে ১০০ গ্রামবাসী হাতির আক্রমণে প্রাণ হারায়। বাড়িঘর এবং ফসলও ধ্বংস করে তারা। কংগ্রেস দলের স্থানীয় নেতা অলোক দুবে গ্রামবাসীদের আশ্বস্ত করছেন এই বলে: "একটি জাতীয় নীতিমালা গ্রহণ করে সমস্যার সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।" গ্রামবাসীরা বলেছেন, মাওবাদী বিদ্রোহিদের বেলায় তারা পুলিশের সাহায্য নিতে পারেন, কিন্তু হাতিরা তাদের চেয়েও বিপজ্জনক।" গানদুরা মাহাতো বলেন, "এ বছর আমরা সেই সব প্রার্থীকেই ভোট দেব যারা হাতির কবল থেকে আমাদের রক্ষা করতে পারবে।" তবে গ্রামবাসীরাও কম যায় না। কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গত চার বছরে ৪০টি হাতি হত্যা করা হয়েছে। মরিচের গুঁড়া ছুড়ে এবং পটকা-বাজি ফুটিয়ে স্থলের এই বৃহত্তম জীবটিকে তাড়ানোর চেষ্টা করে থাকেন গ্রামবাসীরা। অনেকে রক্ষা পাওয়ার কৌশল হিসেবে উট নিয়োগ দিয়েছে। তাদের মতে, উটের বোঁটকা গন্ধে হাতিরা দূরে থাকে। কংগ্রেসর মূল প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারাও গ্রামে গ্রামে গিয়ে হাতি থেকে রক্ষার আশ্বাস দিয়ে যাচ্ছেন। দুমকা নির্বাচনী এলাকায় বিজেপির প্রার্থী সুনীল সোরেন বলেছেন, "আমরা ক্ষমতায় গেলে সমস্যার একটি সমাধান বের করতে জোরেশোরে চেষ্টা চালাব।" ১৬ এপ্রিল থেকে ১৩ মে সারা ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/২০৩১ ঘ.