২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার 'নতুন ভাষা'কে স্বাগত জানিয়েছে হামাস

মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 'নতুন ভাষা' কে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি গেরিলা দল হামাসের নেতা খালেদ মেশাল। তিনি বলেন, হামাসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এখন সময়ের ব্যাপার মাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

রোম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 'নতুন ভাষা' কে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি গেরিলা দল হামাসের নেতা খালেদ মেশাল। তিনি বলেন, হামাসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতালির দৈনিক 'লা রিপাবলিকা' কে দেওয়া সাক্ষাৎকারে মেশাল বলেন, "প্রেসিডেন্ট ওবামা মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন সুরে কথা বলছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নীতিতে একটি প্রকৃত পরিবর্তন আনার প্রাথমিক প্রস্তাব তোলাই এখন সবার জন্য চ্যালেঞ্জ। আর হামাসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা, এটি সময়ের ব্যাপার মাত্র।" রোববার সাক্ষাতকারটি প্রকাশিত হয়। ইরানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক তৈরির জন্য ওবামার দেওয়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় মেশাল একথা বলেন বলে জানিয়েছে পত্রিকাটি। তবে সাক্ষাৎকারে মেশাল তার বক্তব্যে ওবামার ইরান সম্পর্কিত প্রস্তাব বা এ নিয়ে ইরানের প্রতিক্রিয়ার বিষয়টি সরাসরি উল্লেখ করেননি। হামাসের প্রধান সমর্থক দেশ ইরান। এছাড়া, সিরিয়াও হামাসকে সমর্থন করে থাকে। নজিরবিহীন এক ভিডিওবার্তায় ইরানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবের এক দিন পর শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন তিনি দেখছেন না। খামেনি বলেন, "তারা পরিবর্তনের শ্লোগান তুলেছে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তনই ঘটছে না। আমরা কোনো পরিবর্তনই দেখছি না।" খালেদ মেশাল জানান, গত ডিসেম্বর ও জানুয়ারিতে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা ২২ দিনের অভিযানে হামাসের প্রভাব মোটেও কমেনি। তিনি বলেন, "বিশ্বশক্তিগুলো আরব-ইসরায়েল সংঘাত মীমাংসা করতে চাইলে আমাদের প্রয়োজন হবে। ফিলিস্তিনের জনগণ আমাদের সমর্থন করে, সেটিই আমাদের শক্তি। তারা আমাদের পক্ষে ভোট দিয়েছে এবং আগামীতেও দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৮ ঘ.