তেল আভিভ, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের ভাবী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল-ফিলিস্তিন 'দুই রাষ্ট্র' সমাধানে প্রতিশ্র"তিবদ্ধ নন। নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির উর্ধ্বতন নেতা সিলভান শ্যালোম রোববার একথা জানিয়ছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শ্যালোম একথা জানালেন। ২০০৬ সাল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি।
তবে, শ্যালোম বলেছেন, বিদায়ী ওলমার্ট সরকার কিংবা তার পূর্ববর্তী সরকারের মতো ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় বসে আগে থেকেই 'দুই-রাষ্ট্র' সমাধানে রাজি হয়ে অগ্রসর হবে না নেতানিয়াহু সরকার।
১৯৯৩ সালের অসলো চুক্তির সময় থেকে আন্তর্জাতিক শক্তিগুলো দুটি আলাদা রাষ্ট্র হিসেবে ইসরায়েল এবং একটি স্বাধীন ফিলিস্তিনের কথা বলে আসছে। অধিকৃত ভূমি থেকে ইসরায়েলের আংশিক প্রত্যাহারের মাধ্যমে পশ্চিম তীর ও গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বলা হয়েছে অসলো চুক্তিতে।
রয়াটার্সকে দেওয়া সাক্ষাৎকারে শ্যালোম বলেন, "আমাদের দরকার আগামী সরকার এমন মনোভাব নিয়ে আসবে যেখানে আমাদের এবং ফিলিস্তিনিদের জন্য ... আলোচনার টেবিলে সবকিছূ নিয়েই কথা বলার সুযোগ থাকবে।"
তিনি আরও বলেন, "কিন্তু আমি এখন এমন কোনো সুযোগ দেখছি না যে, আগে থেকেই বলা যাবে চূড়ান্ত ফলাফল হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪২৫ ঘ.
bdnews24