২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আমেরিকানকে আটকের কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া শনিবার জানিয়েছে, চীন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই আমেরিকানকে তারা আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

সউল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া শনিবার জানিয়েছে, চীন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই আমেরিকানকে তারা আটক করেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র এর আগে জানিয়েছিল, দুই আমেরিকান নারী সাংবাদিককে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে উত্তর কোরিয়ার নিরাপত্তারক্ষীরা। তারা কোরিয়া-চীন সীমান্তের চীনা অংশে দাঁড়িয়ে তুমেন নদীর ভিডিওচিত্র ধারণ করছিলেন। এসময় উত্তর কোরীয় নিরাপত্তারক্ষীরা তাদের ধরে আনে। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে তুমেন নদীর প্রবাহ দিয়ে চীনের সঙ্গে দেশটির কিছু অংশের সীমান্ত নির্ধারিত হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্তা কেসিএনএ জানিয়েছে, "চীন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই আমেরিকানকে গত ১৭ মার্চ আটক করা হয়েছে। তাদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" তবে তাদের বিষয়ে বার্তা সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। একটি গণমাধ্যম সূত্র জানিয়েছে, আটক দুই আমেরিকান নারী যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন নিউজ কোম্পানি 'কারেন্ট টিভি'র পক্ষে কাজ করেন। উত্তর কোরিয়া এপ্রিলের প্রথম সপ্তাহে একটি যোগযোগ উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা দেওয়ার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে এই দুই আমেরিকানকে গ্রেপ্তার করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৫৩৫ ঘ.