আদ্দিস আবাবা/ওয়াশিংটন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদাগাস্কারে বিরোধীদলীয় নেতা আন্দ্রে রাজোলিনা সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতা দখল করায় দেশটিকে শুক্রবার বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন। এছাড়া একই দিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মাদাগাস্কারে মানবিক সাহায্য বাদে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিতে পারে।
বিরোধীদের তীব্র আন্দোলনের মুখে প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা গত মঙ্গলবার সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। এরপর অন্তবর্তী সরকার গঠন করে সেনাবাহিনী দেশের ক্ষমতা রাজোলিনার কাছে ছেড়ে দেয়। ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে সেখানে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে।
রাজোলিনার এই ক্ষমতা দখলের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সংস্থা এসএডিসি, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এরপর শুক্রবার মাদাগাস্কারকে বহিষ্কার করল এইউ।
এইউ'র শান্তি ও নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত ব্র"নো ননগোমা জিদোউম্বা বলেন, "মাদাগস্কারে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দেশটিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এইউ।"
এদিকে, যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে, মাদাগাস্কারে বিরোধীনেতার ক্ষমতা দখলকে তারা অভ্যুত্থান হিসেবেই বিবেচনা করছে। দেশটিতে মানবিক সাহায্য ছাড়া সব ধরনের সহযোগিতাই তারা বন্ধ করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট উড সাংবাদিকদের বলেন, "এটি একটি বেসামরিক অভুত্থান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদাগাস্কারকে মানবিক সাহায্য ছাড়া সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।"
পররাষ্ট্র দফতর চলতি সপ্তাহে জানিয়েছে ২০০৮ অর্থবছরে মাদাগাস্কারকে ৮৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মিলেনিয়াম চ্যালেঞ্জ কো-অপারেশন তহবিলের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে ২৭ দশমিক ৩ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৩৪১ ঘ.
bdnews24