২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের সঙ্গে হটলাইন পুনরায় চালুর ঘোষণা দিল উ কোরিয়া

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়ে সৃষ্ট উত্তেজনা এবং তুমুল বাক-বিতণ্ডার মধ্যে উত্তর কোরিয়া শুক্রবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক হটলাইনটি তারা পুনরায় চালু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সউল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়ে সৃষ্ট উত্তেজনা এবং তুমুল বাক-বিতণ্ডার মধ্যে উত্তর কোরিয়া শুক্রবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক হটলাইনটি তারা পুনরায় চালু করবে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে বার্ষিক মহড়া শেষ হওয়ার একদিন পর শনিবার থেকে দুই কোরিয়ার মধ্যে একমাত্র এই টেলিফোন লাইনটি চালু হবে। গত ৯ মার্চ এই মহড়া শুরু হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়া হটলাইনটি চালু করতে বারবার আহ্বান জানানো সত্ত্বেও উত্তর কোরিয়া সাড়া দিচ্ছিল না। দক্ষিণের প্রতি এক বার্তায় উত্তর কোরিয়া বলেছে, "উত্তর-দক্ষিণের ঐতিহাসিক ঘোষণারভিত্তিতে ২১ মার্চ সকাল ৮টা থেকে সামরিক যোগাযোগের এই লাইনটি আমাদের পক্ষ থেকে চালু করা হবে।" ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত কয়েক দশকের বৈরিতার পর দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যিক যোগযোগ শুরুর লক্ষ্যে ২০০০ সালের জুন মাসে উভয় পক্ষের মধ্যে ঐতিহাসিক এই ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল। উত্তর কোরিয়ার কৃত্রিম-উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে উত্তর কোরিয়া বলেছে, তাদের পরিকল্পনাটি হচ্ছে কক্ষপথে যোগাযোগ উপগ্রহ পাঠানোর, এবং মহাকাশ কর্মসূচির আওতায় উপগ্রহ উৎক্ষেপণের অধিকার তাদের আছে। উপগ্রহ বহনকারী রকেটটি প্রথম ধাপে জাপান সাগরে এবং ২য় ধাপে প্রশান্ত মহাসাগরে পড়বে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.