২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সাহায্য 'অপচয়' রোধে মার্কিন প্রশাসনের উদ্যোগ

অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় বিপুল অঙ্কের সরকারি অর্থসাহায্য পাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বোনাসের ওপর ৯০ শতাংশ কর আরোপের বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 06:34 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় বিপুল অঙ্কের সরকারি অর্থসাহায্য পাওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বোনাসের ওপর ৯০ শতাংশ কর আরোপের বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে সরকারের দেওয়া অর্থে কর্মকর্তাদের বোনাস দেওয়ার সিদ্ধান্তে বিরূপ জনপ্রতিক্রিয়ায় অস্বাভাবিক দ্রুততায় বিলটি পাস করা হয়। সরকারি অর্থসাহায্য পাওয়া কয়েকটি কোম্পানির নির্বাহীদের জন্য বোনাসের ওপর ৯০ শতাংশ করের বিল প্রতিনিধি পরিষদে ৩২৮-৩৯ ভোটে পাস হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন। যেসব কোম্পানি অন্ততপক্ষে ৫ বিলিয়ন ডলার সরকারি অর্থ সাহায্য পেয়েছে সেগুলোর নির্বাহী কর্মকর্তাদের মধ্যে যাদের আয় বছরে ২৫০,০০০ ডলারের বেশি তাদের ক্ষেত্রেই ওই কর প্রযোজ্য হবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, "আমরা আমাদের অর্থ ফেরত চাই এবং এখন আমরা করদাতাদের জন্য আমাদের অর্থ ফেরত চাই।" ওয়াশিংটন থেকে বিবিসি'র সংবাদদাতা জেমস কুমারাস্বামী জানান, কয়েকজন রিপাবলিকান বিলটির বিরোধিতা করেছে। তাদের মতে, এই আইন করে সঙ্কট সামাল দেওয়ার বদলে প্রশাসন ভিন্নদিকে দৃষ্টিপাত করেছে। সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ সরকারি সাহায্যপ্রাপ্ত বড় বড় কোম্পানিগুলো। এতে করে অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়া এবং অর্থনীতি পুনরুদ্ধারের প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টায় আস্থাসংকট দেখা দেওয়ার ঝুঁকি বাড়ল। প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি পরবর্তী ধাপে সিনেটে যাবে এবং সিনেট শুক্রবার ১০০ মিলিয়ন থেকে ৭০০ বিলিয়ন ডলার অর্থসাহায্যপ্রাপ্ত কোম্পানিগুলোর বোনাসের ওপর ৭০ শতাংশ কর আরোপ করে সাহায্যের অর্থ পুষিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করবে বলে জানিয়েছে রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২০ঘ.