মেরেডিথ, নিউ হ্যামপশায়ার, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মন্দার তোড়ে যখন ব্যয়বহুল অবকাশ যাপন ভুলে যাওয়ার দশা, ডিনার পার্টি আর শপিং মল চষে বেড়ানো যখন গাঁটের টাকায় আর কুলোচ্ছে না তখন অনেক আমেরিকানই মন দিচ্ছেন নিরিবিলিতে মাছ ধরে কাটানোয়। জেলে, মাছের টোপ বিক্রেতা আর শৌখিন মাছধরা শিল্পের লোকজন এমনটাই জানাচ্ছেন।
লেক উইনিপিসোকির পাতলা বরফের আস্তরের ওপর দাঁড়িয়ে বঁড়শি থেকে কাঠের খলুইয়ে মাছ রাখতে রাখতে কথা বলার সময় মাইক ম্যাকডোনাল্ডও বললেন, এখানে আসর পর তিনি দ্বিতীয়বার ভাববার প্রয়োজন মনে করেননি যে কেন বেশির ভাগ আমেরিকান এখন মাছ ধরায় ঝুঁকছে।
মাইক বলেন, "এই পুরো এক ঝুঁড়ি মাছের টোপের দাম মাত্র ৬ ডলার। আর এক ঝুড়িতেই চলে যাবে সারা দিন।" তিনি বললেন, "বিষয়টাকে স্কি করার সঙ্গে তুলনা করে দেখেন। একদিন স্কি করার জন্য শুধু টিকেট কাটতেই লেগে যায় ৮০ ডলার।"
নিউ হ্যাম্পশায়ারের ঠাণ্ডা ওই লেকটিতে মাছ ধরছেন মাইকের মতোই আরও অনেক অপেশাদার জেলে।
বরফ-ঠাণ্ডা উত্তরের লেকগুলো থেকে টেক্সাসের ঝরণা-স্রোতধারাগুলোতে এই দৃশ্য দিনদিন বাড়ছে। পরিবারগুলোর জন্য এটা সস্তায় বেড়ানো। মাছধরা যাদের শখ তারা একাজ করে মুদি দোকানের খরচ যোগাতে পারে। আর যারা সদ্য বেকার এটি তাদের জন্য কিছু একটায় লেগে থাকার সুযোগ।
ডালাসের লিউইসভিলের ৪৭ বছল বয়সী ফ্লাই ফিশিং ফার্মাসিস্ট মাইক হ্যামিলটনের কাছে বাড়ির পাশে মাছ ধরার সুযোগ এমন একটা বিষয়, তার ভাষায় যা তিনি "ব্যাংকে হাত না ঢুকিয়েই" করতে পারেন। মার্চ মাসের এক ঠাণ্ডা সকালে শীতকালীন ট্রাউট মাছের জন্য বিখ্যাত লিউইসভিলে স্ট্রিমের পাশে দাঁড়িয়ে তিনি বললেন, "আমি আমার অবকাশের জন্য গাঁটের সব টাকা খোয়াতে রাজি না।"
মাছ ধরা আর খেলাধুলার সরঞ্জাম বিক্রির দোকান মালিক নিউ ইয়র্কের জন মিলার বলেন, "আমি দেখছি দিনদিন মাছ ধরার লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে।"
তিনি জানান, "অর্থনীতি এখন যে অবস্থায় আছে, কাজ থেকে ছাঁটাই হওয়া লোকজন শুধু শুধু ঘরে বসে সময় কাটাতে চাইছে না।" তার ভাষায়, "সস্তা বিকল্প হল মাছ ধরা।"
এর আগেও মন্দার সময় মাছ ধরেছে মার্কিনিরা। ২০০১-২০০২ আর্থিক সংকটের সময় বঁড়শি আর হুইলছিপের বিক্রি বেড়ে গিয়েছিল ১২ ভাগ। জাতীয় ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা সমিতির তথ্য মতে, তখন এর বিক্রি বেড়ে পৌঁছে গিয়েছিল ৩৪৩ মিলিয়ন ডলারে।
এ হিসাব আরও বেশি হতে পারে। যদি বঁড়শি, ছিপ, মাছের খলুই, টোপ-আদার, টোম এবং অন্যান্য সরঞ্জামাদির দাম ধরা হয়, তাহলে এই শিল্পের মোট বিক্রিবাট্টা প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অবশ্য এর মধ্যে মাছধরা-পর্যটন, শৌখিন জেলেদের পোশাক-পরিচ্ছদের ব্যবসা আর মাছধরা প্রশিক্ষণ শিল্পের হিসেব-নিকেশ অন্তর্ভূক্ত করা হয়নি।
স্পোর্টস নেটওয়ার্ক 'ইএসপিএন' জানিয়েছে, নোনাপানির মাছ শিকারীদের জন্য তাদের 'বেইসমাস্টার ম্যাগাজিন'-এ ৪৪ভাগ পাতা বাড়াতে হয়েছে বিজ্ঞপনদাতাদের চাহিদার কারণে।
ওদিকে, টেক্সাসের পার্ক ও বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র টম হার্ভি জানিয়েছেন, সা
bdnews24