২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিয়ে খুব শিগগিরই দেশটির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যোগাযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 07:03 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিয়ে খুব শিগগিরই দেশটির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যোগাযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। কিন্তু, সাবেক বুশ প্রশাসনের চিন্তানুসারে তেহরানে একটি ছোট আকারের কূটনৈতিক দপ্তর খোলার বিষয়টি এখন বিবেচনার মধ্যে নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। ওবামার ইরাননীতি পর্যালোচনা এখনও শেষ না হওয়ায় নাম প্রকাশে রাজি হননি ওই কর্মকর্তা। বর্তমান পরিকল্পনা অনুসারে ইরান ইস্যুতে ছোট হলেও গুরুত্বপূর্ণ ইতিবাচক মনোভাব দেখানো হবে। এর মধ্যে রয়েছে এ মাসের শেষ নাগাদ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো। পাশাপাশি পূর্ব অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাথমিক ও মাঝারি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বিষয়টি চালূ করা। সূত্রটি জানায়, বুশ প্রশাসনের চিন্তা ছিল নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেখভালের জন্য কিউবায় যেমন একটি ছোট কূটনৈতিক দপ্তর রয়েছে, ঠিক তেমনি একটি দপ্তর ইরানে চালূ করা। তবে, বুশ প্রশাসন শেষ পর্যন্ত বিষয়টি পরবর্তী প্রেসিডেন্টের জন্য রেখে যান। নির্বাচনী প্রচারণার সময় থেকেই ওবামা ইরানের সঙ্গে সরাসরি আলোচনাসহ ইরাননীতিতে পরিবর্তনের কথা বলে আসছিলেন। কিন্তু এ মাসে ইরানকে আফগানিস্তান সম্মেলনে অন্তর্ভুক্ত করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হিলারির ঘোষণার মধ্য দিয়েই প্রথম তার নমুনা পাওয়া গেল। অবশ্য পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ওই সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিলারির দ্বিপক্ষীয় কোনো বৈঠকের সম্ভাবনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১২৫৩ ঘ.