২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র আহমাদিনেজাদকে 'দানবরূপে' চিত্রিত করছে: জাতিসংঘ কর্মকর্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিগুয়েল দ্য'এস্কেতো ব্রোকমান মঙ্গলবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে 'দানব রূপে' উপস্থাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জাতিসংঘ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিগুয়েল দ্য'এস্কেতো ব্রোকমান মঙ্গলবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে 'দানব রূপে' উপস্থাপন করছে। নিকারাগুয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘ কর্মকর্তা সিরিয়ায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। দ্য'এস্কেতো বলেন, "আমি মনে করি না বিশ্বের এই অংশে (পশ্চিমে) কেউ দ্বিমত করবেন যে, আহমাদিনেজাদকে দানব হিসেবে রূপায়িত করা হয়েছে।" দ্য'এস্কেতো বলেন, "যুক্তরাষ্ট্র চিরকাল লোকজনকে দানব বানানোর কাজ করে আসছে" কিন্তু তারা ফিলিপাইনের সাবেক স্বৈরাশাসক ফার্ডিনান্ড মার্কোস, নিকারাগুয়ার সাবেক স্বৈরশাসক আনাস্তাসিও সমোজা এবং চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশেকে "সন্ত" বানিয়েছে। তিনি বলেন, "এরপর আমরা আহমাদিনেজাদ সম্পর্কে ভয়াবহ সব কথা শুনছি।" যুক্তরাষ্ট্রের এই কট্টর সমালোচক আরও বলেন, আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে ঠাঁই দিয়ে প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে পাওয়া "শ্রদ্ধার" সঙ্গে এই ইরানি নেতার "দানব" হিসেবে হাজির করা ভাবমূর্তি খাপ খায় না। 'ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত' বলে ২০০৫ সালে করা এক মন্তব্যে পশ্চিমে তীব্র ক্ষোভের জন্ম দেন আহমাদিনেজাদ। একইসঙ্গে হলোকস্ট সম্পর্কে পশ্চিমের ধারণার যথার্থতা নিয়েও প্রশ্ন করেন ইরানি প্রেসিডেন্ট। এছাড়া ইরানের পরমাণূ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা নেতাদের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে তিনদফা জাতিসংঘ নিষেধাজ্ঞার শিকার হয় ইরান। বিশ্ব অর্থিৈনতক মন্দা মোকাবেলায় এই জুনে একটি জাতিসংঘ সম্মেলন আয়োজনের ক্ষেত্র প্রস্তুত করতে ফিনল্যান্ড, সিরিয়া, চীন, বাহরাইন, সুইটজারল্যান্ড এবং ইরান সফর করছেন দ্য'এস্কেতো। আশি'র দশকে যুক্তরাষ্ট্র সমর্থিত কন্ট্রা বিদ্রোহীদের সঙ্গে নিকারাগুয়ার বামপন্থী সরকারের লড়াইয়ের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন দ্য'এস্কোতো। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এর কঠোর সমালোচক ছিলেন তিনি। ২০০১ থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশেরও তীব্র সমালোচনা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫৫ ঘ.