২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের বশির পশ্চিমা বিদ্বেষের শিকার, ধারণা মধ্যপ্রাচ্যে

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির পশ্চিমা বিদ্বেষের শিকার এমন ধারণাই জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

বৈরুত, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির পশ্চিমা বিদ্বেষের শিকার এমন ধারণাই জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান থেকে সৌদি আরব পর্যন্ত বার্তা একটাই। আর তা হচ্ছে, এ মাসে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা সুদানের সার্বভৌমত্বের ওপর আঘাত। কেউ কেউ বশিরের অভিযোগের প্রতিধ্বনি করে বলেছে, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সাম্রাজ্যবাদীদেরই হাতিয়ার। আবার কেউ কেউ বশিরের বিরুদ্ধে এই পদক্ষেপে দারফুরে শান্তি প্রচেষ্টা ব্যাহত হওয়া এবং সুদানে আরও অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। অন্যান্যরা আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় দ্বিমুখী নীতির কথা বলেছে। যেখানে লেবানিজ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ কিংবা ইরাকে যুক্তরাষ্ট্রের অপরাধের কোনও সাজা হয় না। কিন্তু ভন্ডামি আছে দুপক্ষেই। বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মধ্যপ্রাচ্যে যারা শোরগোল করছে তাদের অধিকাংশেরই মানবাধিকার রেকর্ড অন্তঃসারশূন্য এবং তারা আইসিসি'র আইনি ব্যবস্থার আশঙ্কায় আছে। সেকারণেই তারা বশিরের সঙ্গে একত্মতা প্রকাশ করছে। তারা আসলে তাদের নিজেদের স্বার্থে এবং আত্মরক্ষার্থে একাজ করছে- বলেছেন মিসরের মানবাধিকার কর্মী হিশাম কাশেম। তিনি বলেন, এ ধরনের সংহতি নতুন নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৮৫৯ ঘ.