খার্তুম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দারফুরে তিন বিদেশি ত্রাণকর্মীকে শনিবার মুক্তি দিয়েছে অপহরণকারীরা। সুদানের প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদকারীরা ত্রানকর্মীদের অপহরণ করেছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
সুদানের দারফুর প্রদেশে মেডেসিনস স্যাঁ ফ্রতিয়ার্স (এমএসএফ) ত্রাণসংস্থার বেলজিয়াম শাখা থেকে বুধবার তিন পশ্চিমাসহ ৫ ত্রাণকর্মী অপহৃত হয়। এ মাসে যুদ্ধপরাধের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে বেড়ে যাওয়া উত্তেজনার মধ্যে অপহরণের এ ঘটনা ঘটে।
এমএসএফ এর জেনারেল ডাইরেক্টর ক্রিস্টোফার স্টোকস ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, এমএসএফ অপহৃতদের মুক্তির জন্য কোনও পণ দেয়নি। এমএসএফ দারফুরে মানবিক ত্রাণ কাজ চালানোর বিষয়টি ভেবে দেখছে বলে জানান তিনি।
শনিবার তিন ত্রাণকর্মী মুক্তি পাওয়ার পর খার্তুমে তাদের স্বাগত জানানো হয়। তাদের সঙ্গে ছিল এক সুদানী গার্ড এবং জানান উত্তর দারফুরের গভর্নর ওসমান ইউসুফ কিবির। ইউসুফ বলেন, অপহরণকারীরা নিজেদের বশিরের ঈগল পরিচয় দিয়ে সমঝোতার ভিত্তিতে অপহৃতদের মুক্তি দেয়।
তিনি সাংবাদিকদের জানান, সরকারপন্থী অপহরণকারীদের ফেলে যাওয়া একটি ফোন নাম্বারের ভিত্তিতে তাদের সঙ্গে বৃহস্পতিবার থেকে জিম্মি মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়।
তিনি আরও জানান, অপহরণকারীরা দেশের স্বার্থেই অপহরণ করা এবং অপহৃতদের দেশের স্বার্থেই মুক্তি দেওয়ার দাবি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, "তিন বিদেশি ইতালি, ফ্রান্স ও কানাডার নাগরিক।
বিশ্লেষকরা বলছেন, বশিরের বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানার পদক্ষেপে দারফুরে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। সেখানে শান্তিরক্ষী বাহিনী এবং বেসামরিক নাগরিকরা ইতোমধ্যেই সংঘর্ষের মুখে রয়েছে। সোমবার বন্দুকধারীদের গুলিতে ৪ শান্তিরক্ষী আহত হয়েছে এবং এ ধরনের বেশ কয়েকটি ঘটনার খবরও পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24