তিবিলিসি, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ায় প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানী তিবিলিসিতে বিক্ষোভ করেছেন প্রায় ৭,০০০ বিক্ষোভকারী।
এ বিক্ষোভকে সাকাশভিলি বিরোধীদের আগামী মাসের পরিকল্পিত বিশাল বিক্ষোভের মহড়া হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার সঙ্গে ভয়াবহ যুদ্ধ এবং আর্থিক সংকট থেকে দেশকে রক্ষা করতে না পারার ব্যর্থতার অভিযোগ এনে সাকাশভিলির বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল বড় ধরনের বিক্ষোভের আয়োজনের চেষ্টা করছে বিরোধীরা।
সাকাশভিলির বিরুদ্ধে এ বিক্ষোভে অংশ নেন দেশটির অনেক খ্যাতনামা শিল্পীরা। তিবিলিসিতে এক কনসার্ট শেষে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের সমানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
বিখ্যাত গায়ক গিওর্গি গাসেসিলাডজে কনসার্ট মঞ্চে স্থাপন করা একটি প্রতীকী প্রিজন সেলের ভেতের দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন, এবং ঘোষণা করেন যে, সাকাশভিলির পদত্যাগ না হওয়া পর্যন্ত ওই সেলের ভেতর থেকে বেরোবেন না তিনি।
বিরোধী দলের এক রাজনৈতিক নেতার ভাই ওই গায়ক আরও জানান, ২০০৩ সালের 'রোজ রিভলিউশনের' সময় এডুয়ার্ড শেভারনাডজের বিরুদ্ধে বিক্ষোভের সময় শেষবারের মতো এই গানটি গেয়েছিলেন তিনি। ওই গণবিক্ষোভের মধ্য দিয়ে শেভারনাডজের পদত্যাগের পর ক্ষমতায় আসেন সাকাশভিলি।
বিক্ষোভে অংশ নেওয়া ৫২ বছর বয়সী এক বেকার নারী তামতা কোতরিকাডজে। তিনি বলেন, "মিশা-কে (সাকাশভিলি) অবশ্যই পদত্যাগ করতে হবে, কেননা বেকারত্ব অনেক বেড়ে গেছে এবং অর্খনৈতিক পরিস্থিতি খুবই নাজুক হচ্ছে।"
বিরোধীরা বলছে গত বছর দক্ষিণ ওসেটিয়ায় আক্রমণ চালিয়ে সাকাশভিলি মারাত্মক ভুল করেছেন।
দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার ওই আক্রমণের পর রাশিয়া তার সেনা ও ট্যাকবহর নিয়ে জর্জিয়ায় বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং খুব দ্রুতই পিছু হঠতে বাধ্য হয় জর্জীয় সেনারা। রাশিয়া এর পরপরই বিচ্ছিন্নতবাদী ছিটমহল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৪৫ ঘ.
bdnews24