সিঙ্গাপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার দেশগুলোতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। এখন এমন দেশেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে যেখানে আগে এই রোগ ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ডব্লিউএইচও'র ডেঙ্গু বিষয়ক সমন্বয়কারী সুসাক প্রাসিত্তিসুক জানান, বৃষ্টিপাতের পরিবর্তন এবং দ্রুত নগরায়নের ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে ডেঙ্গু জ্বরের হার বাড়ছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইন্দোনেশিয়ায় উদাহরণ টেনে বলেন, "এই দেশে আগে বর্ষা মৌসুমেই বৃষ্টি হত, কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে প্রায় সারাবছর জুড়েই বৃষ্টি হচ্ছে।"
"যত বেশি বৃষ্টি হবে, ডেঙ্গুর প্রাদুর্ভাবও তত বাড়বে।"
গ্রীষ্মমণ্ডলীয় রোগ-বালাইয়ের মধ্যে ম্যালেরিয়ার পরেই ডেঙ্গুর উপদ্রব সবচেয়ে বেশি। মশা থেকে এ রোগ ছড়ায়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, মাথাব্যাথা এবং মাসংপেশি ও হাড়ের সংযোগস্থলের ব্যাথা। এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণে রোগির মৃত্যুও ঘটে।
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই শিশু।
থাইল্যান্ডে দ্রুতহারে নগরায়নের ফলে শহরগুলোতে পর্যাপ্ত পানির সরবরাহ সম্ভব হচেছ না। আর এতে করে মানুষ সব সময় চেষ্টা করে ট্যাঙ্কে পানি জমিয়ে রাখতে। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার বংশ বিস্তারের জন্য উপযুক্ত ক্ষেত্র এটি।
সুসাক বলেন, "এডিস মশা পরিষ্কার পানির পাত্রেই বংশবিস্তার করে থাকে।" এডিস মশা তাদের ডিম মাটির পানির পাত্রের খাঁজের মধ্যে লুকিয়ে রাখতে পারে এবং ক্রান্তীয় জলবায়ুতে পানি ছাড়াই এই ডিম ছয় থেকে সাত মাস টিকে থাকে। বৃষ্টি হওয়ার পর পানির মধ্যে ডিম থেকে শূককীট বের হয়।"
সিঙ্গাপুরে ডেঙ্গু বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, "থাইল্যান্ডে এই পানির পাত্রগুলো যখন কারখানা থেকে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় তখন এর সঙ্গে ডেঙ্গুর ভাইরাসও সেখানে ছড়িয়ে পড়ে।"
এই অঞ্চলে ডেঙ্গুতে গত বছর তিন হাজার দুইশ'র বেশি মানুষ মারা গেছে জানিয়ে তিনি বলেন, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশগুলোর বিভিন্ন স্বাস্থ্য সংস্থা কী পদক্ষেপ নিচ্ছে সঠিকভাবে জানাতে হবে।
তিনি বলেন, "ভারতসহ ডব্লিউএইচও'র সদস্য দেশ থেকে ডেঙ্গু সম্পর্কিত যে প্রতিবেদন দেওয়া হয় তা আরও তথ্যসম্বলিত ও যথার্থ হতে হবে। যতটা আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি তার থেকে ভয়াবহ হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24