২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের মুখে মেডফ

প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তি বার্নার্ড মেডফের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

নিউ ইয়র্ক, মার্চ ১১ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রভাবশালী ব্যক্তি বার্নার্ড মেডফের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নাসডাক স্টক মার্কেটের সাবেক চেয়ারম্যান মেডফ আগামী বৃহস্পতিবার আদলাতে ১১টি অপরাধের অভিযোগ স্বীকার করতে পারেন বলে বুধবার তার আইনজীবী জানিয়েছেন। দুর্নীতি, জালিয়াতি ও প্রতারণার এ সব অভিযোগে ৭০ বছর বয়স্ক মেডফকে ১৫০ বছর জেল দেওয়ার চেষ্টা করছেন সরকার পক্ষের আইনজীবীরা। তারা জালিয়াতির পক্ষে আদালতে বুধবার নতুন করে বিভিন্ন তথ্য-প্রমাণ হাজির করেছেন। এতে বলা হয়েছে, প্রায় ২০ বছর ধরে ১৯৮০ দশকের শেষ পর্যন্ত তিনি এই সব অপরাধ করে এসেছেন। আদালতে পেশ করা নথিতে সরকার জানিয়েছে, তারা চায় জালিয়াতির মাধ্যমে অর্জিত মেডফের সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা হোক। এই অর্থের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার। ভারপ্রাপ্ত অ্যাটর্নি লেভ ডেসিন ম্যানহাটনে বলেন, "২০ বছরেরও বেশি সময় ধরে মেডফ যে সব ভয়াবহ জালিয়াতি করে এসেছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগে সেগুলোই প্রতিফলিত হয়েছে।" প্রায় ৫০ বিলিয়ন ডলারের প্রতারণামূলক 'পনজি স্কিম' চালানোর অভিযোগে গত ডিসেম্বরে মেডফকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ম্যানহাটনে একটি বিলাশবহুল বাড়িতে গৃহবন্দি আছেন। পনজি স্কিমের মাধ্যমে তিনি উচ্চ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং কোনরকম ব্যবসায় না গিয়ে পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া অর্থে আগের বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে আসছিলেন। বিশ্বে এটি বৃহত্তম প্রতারণার ঘটনা হবে বলে ধারণা করা হচ্ছে। মেডফ একসময় নাসডাক স্টক মার্কেটের চেয়ারম্যান ছিলেন। তবে ১৯৬০ নিজ নামে বার্নার্ড এল মেডফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিস এলএলসি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কোম্পানির ছত্রছায়ায় তিনি অসাধু পন্থায় বিশাল তহবিল গড়ে তুলেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০৫ ঘ.