বার্মিংহাম, আলাবামা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আলাবামায় বেপরোয়া গুলিবর্ষণ এবং গুলিবর্ষণের সময় গাড়ি দুর্ঘটনায় বন্দুকধারী ও তার মাসহ মঙ্গলবার অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ত্রিশের কোঠায় থাকা এক যুবক ওই বেপরোয়া গুলি চালায়। তার উন্মত্ত গুলিবর্ষণ থেকে রেহাই পায়নি তার নিজের মা'ও। সন্দেহভাজন ওই যুবক পরে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই বন্দুকধারী স্থানীয় ডেপুটি শেরিফের স্ত্রী এবং তিনমাস বয়সী শিশুসহ পাঁচ জনকে গুলি করে হত্যা করে। আলাবামার নিকটবর্তী জেনেভা শহরের মেয়র ওয়াইনটন মেল্টন জানান, স্যামসনের একটি ভ্রাম্যমান বাড়িতে ডেপুটি শেরিফের পরিজনদের হত্যা করা হয়।
গুলিতে নিহত অন্যরা হল - বন্দুকধারীর নিজের মা, একটি বিপণি বিতানের দুই দোকানি এবং রাস্তায় একটি পিকআপে থাকা এক ব্যক্তি। তার বেপরোয়া গুলিবর্ষণের সময় রাস্তায় থাকা ওই গাড়িটি ছুটে পালানোর সময় তিনি গুলিবিদ্ধ হন।
রাজ্যের দক্ষিণাঞ্চলের ছোট্ট শহর স্যামসনে শূরু হয়ে পাশ্ববর্তী জেনেভা শহরের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের মধ্য দিয়ে ওই হত্যাযজ্ঞের ঘটনা শেষ হয় বলে জানায় এফবিআই এবং স্থানীয় পুলিশ।
একজন পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারী এক পর্যায়ে রাস্তায় থাকা গাড়িগুলোর দিকে এলোপাতারি গুলি ছুঁড়তে শুরু করে এবং একটি বিপণি বিতানের দোকান লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ তাকে নিবৃৃত্ত করতে গুলি চালায়।
মেয়র মেল্টন জানান, "পুলিশ কর্মকর্তা রিকি মরগান তাকে থামাতে গাড়ি নিয়ে তার দিকে ধেয়ে যান এবং এক ঝাঁক বুলেট তার দিকে ধেয়ে আসে।"
তিনি আরও জানান,"একটি বুলেটের আঘাতে স্থানীয় পুলিশ প্রধান ফ্রাঙ্কি লিন্ডসে কাঁধে আঘাত পান।"
আলাবামার জন নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, "সন্দেহভাজন ওই বন্দুকধারী নিজের গুলির আঘাতে মারা যাওয়ার আগে কমপক্ষে নয় ব্যক্তিকে হত্যা করেন।"
এছাড়াও বলা হয়েছে যে, ওই এলাকায় পুলিশ মোট চারটি গোলাগুলির ঘটনা মোকাবেলা করেছে এবং ধারণা করা হচ্ছে যে ওই এক বন্দুকধারীই ঘটনাগুলি ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.
bdnews24